মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে আর প্রার্থী হচ্ছে না প্রেসিডেন্ট জো বাইডেন । ফলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মনোনয়ন পাওয়ার পথে অনেকটাই এগিয়ে । প্রয়োজনীয় ডেলিগেটদের সমর্থন এরই মধ্যে পেয়ে গেছেন তিনি । এরপরই বুধবার উইসকনসিন রাজ্যে প্রথম নির্বাচনি সমাবেশে হাজির হন ভারতীয বংশোদ্ভুত কমলা হ্যারিস । সমাবেশে উপস্থিত প্রায় ৩ হাজার দর্শকের উদ্দেশে ভাষণে কড়া ভাষায় প্রতিপক্র ডনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেন তিনি ।
নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রাক্তন এক কৌসুঁলি এবং দোষী সাব্যস্ত এক আসামির মধ্যে একজনকে বেছে নেওয়ার ভোট বলে চিহ্নিত করেন হ্যারিস । রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে প্রতারকদের সঙ্গে তুলনা করেন তিনি । ডেমোক্র্যাটদের পক্ষে জোরাল প্রচার অভিযানে নেমে, ট্রাম্পকে এভাবেই ধরাশায়ী করার চেষ্টা করেন কমলা হ্যারিস । তবে ভাইস প্রেসিডেন্টের এমন মন্তব্যের আগে, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পও কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘কমলা যেটাই স্পর্শ করেন, সেটাই ধ্বংস হয়ে যায়’ ।
কমলা হ্যারিসের পক্ষে বাইডেনের সমর্থনের পরই ট্রাম্প এবং হ্যারিস একে অপরকে লক্ষ্য করে একের পর এক রাজনৈতিক মন্তব্য করে যাচ্ছেন । উইসকন্সিনের মিলাওয়াকি শহরের একটি হাইস্কুলে বক্তৃতায় হ্যারিস বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চান । রাজনৈতিক মহলের অনুমান, ভোট যুদ্ধ থেকে বাইডেনের সরে দাঁড়ানোয়, মার্কিন মুলুকে ডেমোক্র্যাট এবং রিপাবলিক্যান শিবিরের নির্বাচনী প্রচার আরও জমজমাট হবে ।