অগ্নিগর্ভ বাংলাদেশে মৃত শতাধিক! মোতায়েন সেনা, জারি কার্ফু!

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ । হিংসার আগুন জ্বলছে গোটা দেশ । ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে । ভারতের প্রতিবেশী রাষ্ট্রে লাগাতার প্রতিবাদ-আন্দোলনের জেরে আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি । আন্দোলনরত পড়ুয়াদের থামাতে আরও কড়া পদক্ষেপ শেখ হাসিনা সরকারের । হিংসায় এখনও পর্যন্ত মৃত শতাধিক । আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে । পরিস্থিতি সামাল দিতে মোতায়েন সেনা ।

কোটা বিরোধী বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ । বিরামহীন সংঘর্ষের পর সারা দেশে জারি করা হয়েছে কার্ফু । পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনা । শুধুমাত্র শুক্রবারের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে ব্যাপক সংঘর্ষে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে । মঙ্গলবার থেকে টানা হিংসায় বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা । ঢাকার রামপুরা, বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, শান্তিনগর, পল্টন সহ শহরের বিভিন্ন জায়গায় নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে ।

নরসিংদীতে কারাগার থেকে বেরিয়ে গেছে শতাধিক বন্দি । জাতীয় নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার রাত থেকে সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে । কারফিউ জারি করার পর শনিবার সকাল থেকে ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম । কিছু এলাকায় হাতে গোনা কয়েকটি দোকান খোলা ছিল । অন্য দিনের তুলনায় রাস্তায় গাড়ির সংখ্যা ছিল হাতে গোনা । গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা পুলিসের গাড়ি ছাড়া রাস্তায় অন্য গাড়ি ছিল না । এমনকি অটো রিকশার সংখ্যা ছিল সামান্য । তবে সব এলাকাতেই সাইকেল রিকশা চলাচল করতে দেখা যায় ।

শনিবার সকাল থেকে ঢাকার ধানমণ্ডি, মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, রাজারবাগ, মগবাজার, হাতিরঝিল, বাড্ডা এলাকার কোথাও কোন ধরনের মিছিল বা সমাবেশ দেখা যায়নি । তবে সব জায়গায় রাস্তায় ছড়িয়ে ছিল ইটের টুকরা, রাস্তার ডিভাইডারের ভাঙা রড । মোহাম্মদপুর, রামপুরা, মহাখালির বিভিন্ন জায়গায় রাস্তায় দেখা গেছে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ ।

শাহবাগ, মহাখালি আর সংসদ ভবনের চারপাশে টহল দিচ্ছে সেনাবাহিনী । গাড়ির যাত্রীদের পরিচয়পত্র খতিয়ে দেখার পরই মিলছে ছাড়পত্র । নাগরিকদের কথা ভেবে, শনিবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত কার্ফু শিথিল করা হয় । এরপর আবার জারি হয় কার্ফু । যা রবিবার সকাল ১০টা পর্যন্ত চলবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল করেছেন । শুক্রবার বাংলাদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব ইমরুল কায়েস । তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন ।

প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৩শে জুলাই স্পেনে এবং সেখান থেকে ২৪ থেকে ২৭শে জুলাই ব্রাজিলে সফরে থাকার কথা ছিল । কোটা বিরোধী বিক্ষোভের জেরে বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে দলে দলে সেখান থেকে বিদেশি ছাত্রছাত্রীরা ফিরে আসতে শুরু করেছেন । যেভাবেই হোক বাংলাদেশ থেকে বেরোনোর চেষ্টা করছেন তাঁরা ।

বিদেশ মন্ত্রক শুক্রবার বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঢাকায় ভারতের হাইকমিশনের জারি করা পরামর্শ অনুযায়ী চলার নির্দেশ দিয়েছে । কোটা বিক্ষোভের মধ্যে নাগরিকদের বাংলাদেশে বেড়ানোর ক্ষেত্রে ও বাড়ির বাইরে চলাচল কমানোর জন্য অনুরোধ করেছিল বাংলাদেশে ভারতের হাই কমিশন । বিদেশ মন্ত্রকের উপদেষ্টা জানিয়েছন যে হাই কমিশন এবং সহকারি হাই কমিশনগুলি যে কোনও সহায়তার জন্য তৈরি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube