করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিলে অর্থ সাহায্য, মানবিকতার নজির ভিক্ষুকদের

নিউজটাইম ওয়েবডেস্ক : নিজেদের পেট চালাতেই তাঁদের হিমসিম খেতে হয়। কোনদিনও ভাতের ওপর হয়তো নুন ছাড়া অন্য কিছুই জোটেনা। রোদ-ঝড় বৃষ্টি এমনকি দিন-রাত না মেনেও শুধুমাত্র পেটের দায়ে শহরের বিভিন্ন জায়গায় ভিক্ষার থালা হাতে তাঁরা বসে থাকেন। তবে শুধু অন্যের সামনে হাত পাতাই নয় তারাও যে দেশের জন্য এভাবে নিজেদের হাত উজাড় করতে পারেন করোনার মতো মারণ ভাইরাস আমাদের দেশকে গ্রাস না করলে হয়তো জানতেই পারতামনা আমরা। তাই এবার সাধ্যমতো ২টাকা, ৫টাকা বা ১০ টাকা দিয়েই করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪০০ টাকা তুলে দিলেন শিলিগুড়ির বিভিন্ন এলাকার ৩০ জন ভিক্ষাজীবী।

এদিন ওই সমস্ত ভিক্ষাজীবীদের থেকে মাটির ভাঁড়ে অর্থ সংগ্রহ করে তা ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তুলে দেয় শিলিগুড়ির মহকুমা শাসকের হাতে। ভিক্ষা করে যারা নিজেদের পেট চালান, সেই মানুষগুলোর এই উদ্যোগে অপ্লুত হয়েছেন মহকুমা শাসক সুমন্ত সহায়ও। নিজের কর্মজীবনে এই ঘটনাকে তিনি নজিরবিহীন বলেও উল্লেখ করেন। একইসাথে তাঁদের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন সমগ্র শহরবাসী। 

এবিষয়ে ইউনিক ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য শক্তি পাল বলেন, “লকডাউনের জেরে এমনিতেই কয়েকদিন ধরে ভিক্ষাজীবীদের আয়-উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। রাস্তায় লোকই নেই, ভিক্ষা দেবে কে? তাই বিভিন্ন সহৃদয় ব্যক্তির কাছ থেকে অর্থ বা খাবার জোগাড় করে তাঁদের দু’বেলা-দু’মুঠো সংস্থান করার চেষ্টা করছি আমরা। বুধবার দুপুরে খাবার দিতে আসার সময় তাঁরাই উদ্যোগী হয়ে নিজেদের ইচ্ছের কথা জানান। তাই ক্ষুদ্র হলেও তাঁদের দানের ইচ্ছাকে অমর্যাদা করার সাহস পাইনি। সমস্ত সংগৃহীত অর্থ মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয়েছে।”

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube