কোপা আমেরিকার ব্যর্থতায় ক্ষমা চাইলেন ভিনিসিউস

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

কার্ড কোপে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল খেলতে পারেননি ভিনিসিউস জুনিয়র । গ্যালারিতে বসে দেখেন টাইব্রেকার হেরে ব্রাজিলের বিদায় । পরপর দুই টুর্নামেন্টে হতাশার পর ঘুরে দাঁড়ানোর অভিযান শুরুর প্রত্যয় তরুণ ফুটবলারের । এবার নিজের ভুলের জন্য ক্ষমাও চাইলেন তিনি ।

গ্রুপ পর্বে প্যারাগুয়ে এবং কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেন ভিনিসিউস । তাই শেষ আটে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারেননি ২৩ বছর বয়সী ফরোয়ার্ড । সেদিন টাইব্রেকারে হেরে যাওয়ায় গ্রুপের তিন ম্যাচেই শেষ হয় ভিনিসিউসের কোপা আমেরিকা অভিযান । প্যারাগুয়ে ম্যাচে করা জোড়া গোল তাঁর এবারোর কোপার একমাত্র প্রাপ্তি । সেদিনই ম্যাচের শেষ দিকে অহেতুক মেজাজ হারিয়ে প্রথমে হলুদ কার্ড দেখেন ভিনিসিউস । পরে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে দেখেন আরও একটি হলুদ কার্ড । আর সেটাই বড় ধাক্কা হয়ে আসে ব্রাজিলের জন্য ।

ভিনিসিউসের জায়গায় কোয়ার্টার-ফাইনালে প্রথম একাদশে জায়গা পান এন্দ্রিকে । ম্যাচের শুরু থেকে খেলেও নিজের সামর্থ্যোর কোনও ছাপই রাখতে পারেননি এই ফরোয়ার্ড । ভুলে যাওয়ার মতো ম্যাচে পুরো ৯০ মিনিটে মাত্র একটি সফল পাস দেন তিনি । সব মিলিয়ে দলের পারফরম্যান্সও ছিল অত্যন্ত হতাশাজনক । প্রথম নব্বই মিনিট । তারপর আরও আধঘণ্টার অতিরিক্ত সময় ম্যাচ ছিল গোলশূন্য । শেষে টাইব্রেকারে ব্রাজিলের এদের মিলিতাও ও দগলাস লুইস গোল করতে ব্যর্থ হলে, শেষ চারে নাম লেখায় উরুগুয়ে ।
প্রায় ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও যেন বিদায়ের যন্ত্রণা ভুলতে পারছেন না ভিনিসিউস । সামাজিক মাধ্যমে সমর্থকদের জন্য নিজের মনের কথা লিখেছেন তিনি । ‘ব্রাজিলের জন্য কোপা আমেরিকা শেষ হয়ে গেছে । এখন পর্যালোচনার সময় এবং কীভাবে পরাজয়ের মোকাবেলা করতে হবে, তা জানতে হবে । হতাশার অনুভূতিটা ফিরে আসছে । আবারও পেনাল্টিতেই বিদায়’ ।

এর আগে ২০২২ ফিফা বিশ্বকাপেও কোয়ার্টার-ফাইনালেই থেমেছিল ব্রাজিলর দৌড় । ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ আটের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায়, খেলা গড়ায় টাইব্রেকারে । সেখানে ৪-২ ব্যবধানেই পরাজিত হয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা । সেদিন শুরু থেকে খেললেও তেমন কিছু করতে না পারায়, ৬৪তম মিনিটে ভিনিসিউসকে উঠিয়ে, রদ্রিগোকে নামান ব্রাজিলের কোচ । পরে টাইব্রেকারের প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন রদ্রিগো । লক্ষ্যভেদ করতে পারেননি মার্কিনিয়োসও ।

এবার কোপা আমেরিকায় দুই বছর আগের সেই স্মৃতি ফিরে আসায় নিজের ভুলও দেখছেন ভিনিসিউস । ‘এড়ানোর মতো দুটি ঘটনায় আমি হলুদ কার্ড দেখলাম । আরও একবার বাইরে বসে দলের বিদায় দেখলাম । তবে এবার ভুল আমার ছিল । সেজন্য ক্ষমা চাইছি । আমি জানি কীভাবে সমালোচনা সইতে হয় । বিশ্বাস করুন, সবচেয়ে কঠিন সমালোচনা কাছের মানুষ থেকেই আসে’, লিখেছেন ভিনিসিউস । বিদায়ের পর থেকেই ব্রাজিলের কোচ এবং ফুটবলাররা দর্শক-সমর্থকদের শোনাচ্ছেন নানান আশার কথা । এবার ভিনিসিউসও তার ব্যতিক্রম হলেন না । ‘সৌভাগ্যবশত জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার সবে শুরু হয়েছে । সতীর্থদের সঙ্গে জাতীয় দলকে তার যথাযথ জায়গায় আবারও ফিরিয়ে দেওয়ার সুযোগটা আমার থাকবে । আমরা আবারও ফুটবল দুনিয়ার শীর্ষে অবস্থান করব । আমি আপনাদের ভালোবাসি । চলুন একসঙ্গে এগিয়ে যাই’, আবাগপূর্ণ বার্তায় লিখেছেন ভিনিসিউস । ২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ৩৪ ম্যাচে ৫ গোল করেছেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিউস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube