শুভমুক্তি সেপ্টেম্বরে। চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে প্রচার। ভারত এবং বাংলাদেশের পাশাপাশি, বিদেশের মাটিতেও চলবে ছবির প্রচারের কাজ। এই ছবিও বক্স অফিস কাঁপাবে, দাবি শাকিবিয়নদের।
সদ্যমুক্তি পেয়েছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ‘তুফান’। এই ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই, তাঁর আগামী সিনেমা ‘দরদ’ মুক্তির খবর সামনে আসছে। পরিচালক অনন্য মামুন নিজের সমাজ মাধ্যমের পেজে লিখেছেন, আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত ‘দরদ’। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে সিনেমা নিয়ে পুরোদমে প্রচারে নামবেন তিনি। নিজের পেজে একটি ছবি পোস্ট করেছেন মামুন। সেখানে দেখা যাচ্ছে, শাকিবের সঙ্গে আছেন সিনেমার প্রযোজক সরদার সানিয়াত হোসেন এবং পরিচালক নিজে।

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘দরদ’ সিনেমার গল্প সাইকো থ্রিলার ধাঁচের। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। ঢাকার পাশাপাশি সিনেমার অধিকাংশ শুটিং হয়েছে বারাণসী এবং ইলাহাবাদ বা প্রয়াগরাজে। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও, এই সিনেমায় অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা। এছাড়াও আছেন রাহুল দেব, অলোক জৈনসহ আরও অনেকে।
পবিত্র ঈদে ‘দরদ’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সেখানে শাকিব খানকে দেখা যায় দু রকমের চরিত্রে। দেড় মিনিটের ওই টিজারে শাকিব কখনও একজন অত্যন্ত শান্ত স্বভাবের তরুণ। কখনও আবার একজন হত্যাকারীর ভূমিকায় আবির্ভাব হচ্ছেন পর্দায়। বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কান্নাডা ভাষায়। ‘দরদ’ মুক্তি পেলে, গত বছরের পবিত্রর ঈদের পর থেকে, একে একে শাকিবের চারটি সিনেমা মুক্তি পাবে বড় পর্দায়।

গত বছরের কুরবানির ঈদে মুক্তি পায় শাকিবের ‘প্রিয়তমা’। যেখানে তাঁর বিপরীতে ছিলেন আরও এক টলিউড অভিনেত্রী ইধিকা পাল। ঘরে বাইরে সব জায়গাতেই ভালো ব্যবসা করেছিল ‘প্রিয়তমা’। চলতি বছরই বাংলাদেশের সুপারস্টার শাকিবের ‘রাজকুমার’ সিনেমা মুক্তি পায় খুশির ঈদে। সেই সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। তবে ওই সিনেমা বক্স অফিসে সেভাবে সাড়া পেলতে পারেনি। লগ্নির টাকা ঘরে তুললেও, সেভাবে মুনাফা হয়নি প্রযোজকদেরও।

সম্প্রতি পবিত্র ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তুফান’ সিনেমা সুপার হিট হয়েছে। পরিচালক রায়হান রাফীর এই সিনেমায় শাকিবের বিপরীতে দুই নায়িকার একজন হলেন টলিউডের মিমি চক্রবর্তী এবং অন্যজন ঢাকার মাসুমা রহমান নাবিলা। তবে এই সিনেমার অন্যতম চমক হল, চঞ্চল চৌধুরীর দুরন্ত অভিনয়। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই সিনেমা, দুই বাংলার পাশাপাশি মুক্তি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ভারতের আরও কয়েকটি শহরেও। এবার ‘তুফান’ মুক্তি পাবে হিন্দিতেও। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে শাকিবের অনুরাগী মহলে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

