পেজেসকিয়ান-এই আস্থা ইরানবাসীর

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে, ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থি নেতা হিসেবে পরিচিত মাসুদ পেজেসকিয়ান । সেদেশের জাতীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে সাড়ে তিন কোটি ভোট গণনা হয়েছে । যার মধ্যে পেজেসকিয়ান পেয়েছেন ১ কোটি ৬৩ লক্ষ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইদ জালিলি পেয়েছেন ১ কোটি ৩৫ লক্ষ ভোট ।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, দ্বিতীয় দফায় ভোটদানের হার ৪৯.৮০% । সেই নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়ায়, পেজেসকিয়ান ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন । জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক ।
গত ২৮ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীর সংগরিষ্ঠতা ছিল না । এগিয়ে থাকা দুই প্রার্থী পেজেসকিয়ান ও জালিলির মধ্যে থেকে যে কোনও একজনকে বেছে নিতে, শুক্রবার পুনরায় দফায় ভোট নেওয়া হয় ইরানে । প্রথম দফার নির্বাচনে ভোটের হার ছিল ৪০% । যা ইরানের ইতিহাসে সর্বনিম্ন ।

গত মে মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান । তার জেরে নতুন নির্বাচনের দিন ঘোষণা করা হয় । ভোটের ফলাফলে পেশায় হৃদরোগ চিকিৎসক পেজেসকিয়ানের জয়ের খবর আসতে থাকায়, রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে তাঁর সমর্থকরা উৎসবে মেতে ওঠেন । সেই ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় । সেই সমস্ত ভিডিওতে দেখা গেছে, তরুণ সমর্থকরা রাজপথে নাচ-গানের মাধ্যমে আনন্দ উতসব করছেন । অনেককে তারস্বরে গাড়ির হর্ণ বাজিয়ে এবং পেজেসকিয়ানের দলের সবুজ পতাকা নেড়ে গাড়ি চালাতেও দেখা যায় ।

ইরানের ‘কুখ্যাত’ নীতি পুলিশের সমালোচক হিসেবে পরিচিত হৃদরোগ সার্জন পেজেসকিয়ান ‘ঐক্য এবং সংহতির’ পাশাপাশি, বিশ্বের সঙ্গে ইরানের ‘দূরত্ব’ ঘোচানোর প্রতিশ্রুতি দিয়ে খবরের শিরোনামে আসেন । তিনি ২০১৫ সালের বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে পশ্চিমি শক্তিধর রাষ্ট্রগুলির সঙ্গে নতুন করে গঠনমূলক আলোচনা শুরু করার কথাও বলেন । ওই চুক্তি অনুযায়ী পশ্চিমি নিষেধাজ্ঞাগুলো শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে সম্মত হয়েছিল ।

অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি ছিলেন স্থিতিশীলতার পক্ষে । ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থক জালিলি সবসময়ই দেশটির ধর্মীয় গোষ্ঠীর শক্ত সমর্থন পেয়েছেন । পশ্চিমি দেশগুলির কঠোর সমালোচক জালিলি পারমাণবিক চুক্তি কার্যকরেরও কট্টর বিরোধী বলে পরিচিত ছিলেন । প্রাথমিক ভাবে বিভিন্ন জনমত সমীক্ষার ফল থেকে মনে করা হয়েছিল, প্রথম দফার নির্বাচনের চেয়ে বেশি মানুষ শুক্রবার দ্বিতীয় দফায় ভোট দেবেন ।

প্রথম দফায় যারা ভোট দেননি, ভোটারদের এমন বড় একটি অংশ জালিলির প্রেসিডেন্ট হওয়া রুখতে দ্বিতীয় দফায় পেজেসকিয়ানকে ভোট দিতে উৎসাহী হয়ে, বুথ মুখী হন বলেই মনে করছে রাজনৈতিক মহল । এই ভোটারদের আশঙ্কা ছিল, জালিলি প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে আন্তর্জাতিক মহলের দ্বন্দ্ব আরও প্রকট হবে । জালিলি ক্ষমতায় এলে, তিনি দেশকে আরও নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক দুনিয়ার থেকে বিচ্ছিন্নতা ছাড়া, ইরানকে আর কিছুই দিতে পারবেন না । তবে মাসুদ পেজেসকিয়ান প্রেসিডেন্টের কুর্সিতে বসতে চলায়, খুশি ইরানের মানুষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube