ইন্ডিয়া জোটে ফাটল! লোকসভা নির্বাচনে দিল্লিতে পরাজয় নিয়ে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আপের দিকেই আঙুল তুললেন কংগ্রেস নেতা অভিষেক দত্ত। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের গ্রেফতারির কারণেই হারতে হয়েছে, কংগ্রেস একা লড়লে ভালো ফল করত। এমনই দাবি করলেন তিনি।
লোকসভা নির্বাচনে (Loksabha Election) আসন সমঝোতা নিয়ে ইন্ডিয়া জোটের অন্দরেই একাধিক বিতর্ক দেখা গিয়েছে। তবে কয়েকটি রাজ্যে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস ও আপ। যার মধ্যে একটি দিল্লি। তবে রাজধানীর সাতটি লোকসভা কেন্দ্রেই জয় পেয়েছে বিজেপি। আপ শাসিত রাজ্যে কার্যত মুখ থুবড়ে পড়তে হয়েছে দুই দলকে। এই পরাজয় নিয়েই মুখ খুললেন কংগ্রেস নেতা অভিষেক দত্ত। তিনি বলেন, ‘আবগারি দুর্নীতি আমরাই প্রথম প্রকাশ্যে এনেছিলাম। পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছিলাম। দীর্ঘ সময় পর্যন্ত ইডি-সিবিআই কোনও তদন্ত করেনি। লোকসভা নির্বাচনের একমাস আগে অরবিন্দ কেজরিয়ালকে গ্রেফতার করা হয়। আবগারি দুর্নীতি মামলায় সরকার যে কোটি কোটি টাকার নয়ছয় করেছে তার সত্য সকলের সামনে আসবে।‘
কংগ্রেস নেতা আরও বলেন, ‘আবগারি দুর্নীতি মামলায় (Liquor Policy Scam) অরবিন্দ কেজরিওয়ালের যে ছবি সামনে এসেছে, তার জন্য দিল্লিতে কংগ্রেসের ক্ষতি হয়েছে। আমরা যদি আপকে ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করতাম তাহলে কংগ্রেস ভালো ফল করত। দেশজুড়ে যেভাবে কংগ্রেস আসন জিতেছে দিল্লিতে কংগ্রেস জিতত, আমাদের আসন সংখ্যা আরও বাড়ত।‘
২০২৪ সালে দিল্লিতে সাতটি আসনের মধ্যে চারটিতে প্রার্থী দিয়েছিল আপ (AAP)। বাকি তিন আসনে লড়েছিল কংগ্রেসের প্রার্থী। কিন্তু ২০১৪ ও ২০১৯ সালের মত চলতি বছরের লোকসভা নির্বাচনেও সবকটি আসনে জয় পায় বিজেপি। জোট বেঁধে গেরুয়া শিবিরকে টক্কর দেওয়ার ব্যপারে আশাবাদী থাকলেও শেষপর্যন্ত হারের মুখ দেখতে হয়েছে আপ-কংগ্রেসকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

