অভাবের সংসার, রাজ্যের সংকটে নিজের সঞ্চয় তুলে নজির নদিয়ার অসহায় বৃদ্ধের

নিউজটাইম ওয়েবডেস্ক : কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। তা যে শুধুমাত্র কথার কথা নয়, এদিন তা আরও একবার প্রমান করে দিলেন নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা পাঁচুগোপাল রায়। পরিবারের অভাব অনটন হার মানাতে পারেনি তাঁর মানবিকতাকে। তাঁর নিজের পরিবারের মানুষগুলোর মুখে দুমুঠো অন্ন তুলে দিতেই যেখানে হিমসিম খেতে হয় তাঁকে, সেখানে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের সঞ্চয়ের ৫ হাজার টাকা তুলে দিলেন পাঁচুবাবু। 

অবসর নেওয়ার সময় হয়তো তাঁর পেরিয়ে গেছে অনেক আগেই। কিন্তু তাও পরিবারের সদস্যদের মুখে অন্নের জোগান দেওয়ার জন্য পরিবারে তাঁর বিকল্প আর কেউ নেই। তাই বয়স অবসর নেওয়ার কথা বললেও তিনি ছাড়াও পরিবারের তিন সদস্য়ের পেট চালাতে বিকল্প কাজের সন্ধান করেছেন পাঁচুবাবু। বর্তমানে কৃষ্ণনগরে জেলা প্রশাসনিক ভবনের সামনে পানীয় জলের জোগান দেন তিনি। তাতে যা সামান্য পরিমান আয় হয়, তা দিয়েই কোনভাবে সংসার চালাতে হয়। নিজের ব্যক্তিগত জীবনে এত সমস্যা সত্ত্বেও রাজ্যবাসীর এই সংকটে তিনি দাঁড়েবেননা। এটা যেন তিনি ভাবতেই পারছিলেননা। কিন্তু সাহায্যের জন্য যে পয়সার প্রয়োজন তা আসবে কোথা থেকে? উপায় খুঁজতে গিয়েই নিজের জমানো পাঁচ হাজার টাকা নদিয়ার জেলাশাসক বিভু গোয়েলের হাতে তুলে দিলেন তিনি। 

রাজ্যের পাশে নিজের সামর্থ অনুযায়ী দাঁড়াতে পেরে অত্যন্ত খুশি পাঁচুবাবু। সোমবার জেলাশাসকের হাতে টাকা তুলে দেওয়ার পর তিনি বলেন, “জানি, আমার কাছে পাঁচ হাজার টাকা অনেক। আমার আয় অত্যন্ত সামান্য। কিন্তু গরিব মানুষদের জন্য আমারও কিছু করার ইচ্ছে হয়েছিল। তাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য জেলাশাসকের হাতে কিছু টাকা তুলে দিলাম।” তাঁর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন নদিয়াবাসী। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube