রায়বরেলি আসন রেখে ওয়েনাড ছেড়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ওই আসনে প্রার্থী করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী। প্রথমবার সংসদীয় লড়াইয়ে সনিয়া কন্যা। প্রচারে কোনও ত্রুটি রাখতে চাইছে না দল। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার সমর্থনে প্রচার করে ওয়েনাড যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি ইন্ডিয়া জোটের দুই শরিক দলের মধ্যে সম্পর্ক মজবুত হচ্ছে! এই প্রশ্নও উঠছে।
সূত্রে খবর, উপনির্বাচনের প্রচারে ওয়েনাডে প্রিয়াঙ্কা গান্ধীর সমর্থনে প্রচার করতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরও জানা গিয়েছে, গত ডিসেম্বরে ইন্ডিয়া জোটের বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব রেখেছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী যেন বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন। এনিয়ে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রিয়াঙ্কা।
২০১৯ সালে উত্তরপ্রদেশের আমেঠি ও কেরলের ওয়েনাড় থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। আমেঠিতে হেরে গেলেও মানরক্ষা করেছিল ওয়েনাড়। ২০২৪-এ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করার সিদ্ধান্ত ঘোষণা করেন সনিয়া গান্ধী। তাঁর আসন রায়বরেলিতে প্রার্থী করেন পুত্র রাহুলকে। মায়ের রেকর্ড ভেঙে বড় ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। অন্যদিকে ওয়েনাড় এবারেও তাঁর উপরেই ভরসা রাখে। রায়বরেলির সাংসদ থাকেন এবং বোনের কাঁধে দায়িত্ব দেন ওয়েনাডের।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ একজোট হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিলেও বাংলায় কংগ্রেস-তৃণমূলের জোট হয়নি। পাল্টা একে অপরের দিকে একাধিক অভিযোগ ছুঁড়ে দিয়েছে দুই দল। ভোট পরবর্তী সময়েও সেই ছবি দেখা গিয়েছে। যদিও জাতীয় স্তরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মর্যাদা দিয়েছেন। এবার ভিন রাজ্যের কংগ্রেস প্রার্থীর জন্য প্রচারে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী! এই জল্পনায় জোটের ভিতরেই সম্পর্ক মজবুত হওয়ার আশা করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

