বিপজ্জনক স্কুলঘরের ছাদের চাঙড় ভেঙে পড়ছে । তাই স্কুলের পড়ুয়ারা ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে । কখন কী অঘটন ঘটে যায় সেই চিন্তায় নাজেহাল অভিভাবকরা । ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের ।
খুবই বিপজ্জনক অবস্থা স্কুলঘরের । হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ধরা পড়ল সাংঘাতিক এক ছবি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ছে । বৃহস্পতিবার স্কুল চলাকালে ফের ছাদের চাঙড় ভেঙে পড়ে । তবে অবশ্য অল্পের জন্য রক্ষা পেয়েছে ছাত্রছাত্রীরা । কারণ ছাতা মাথায় দিয়ে স্কুল করছে ছাত্র-ছাত্রীরা ।
একটাই সান্ত্বনা, ছাতার জন্য কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় । অনেক ছাত্রছাত্রী আবার চাঙড় ভেঙে পড়ার ভয়ে স্কুলেই আসছে না । অভিভাবকদের একাংশের দাবি, যতদিন স্কুল মেরামত না হবে, ততদিন স্কুলের ছাত্রছাত্রীদের আর পাঠাবেন না তাঁরা । স্কুলের এই অবস্থা স্বীকার করে নিলেন প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মন্ডলও । তিনি জানান, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন; কিন্তু তাতেও কোনও কাজ হয়নি ।
শিক্ষা সকলের অধিকার । তবে প্রাণ হাতে করে স্কুল প্রাঙ্গনে ক্লাস করতে হবে তা কে ভেবেছিল? এই অবস্থায় কবে টনক নড়বে প্রশাসনের সেদিকেই তাকিয়ে অভিভাবক সহ সকলে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

