রিয়েল থেকে রিল, নাগের বায়োপিক

পরিচালক নাগ অশ্বিনকে চেনেন ? ভাবতে হচ্ছে তো ! কলকি 2898 নামে একটা মেগা মুভি এখন মুক্তির অপেক্ষায় । সেখবর নিশ্চই রাখেন ? নাগ অশ্বিন হলেন সেই ছবির পরিচালক । যে ছবিতে এক ফ্রেমে দেখা যাবে দেশের একাধিক মেগা থেকে সুপার স্টারদের । কে নেই নাগ অশ্বিনের মেগা মুভিতে !  অমিতাভ বচ্চন, প্রভাস, কির্থি সুরেশ, দিপীকা পাড়ুকন, দিশা পাটানি, ব্রহ্মানন্দম, রাজেন্দ্র প্রসাদ সহ আরও অনেকে । কিন্তু জানেন কি, পরিচালকের পরিচয়লিপি ?

লাইট-ক্যামেরা-অ্যাকশন : নাগ অশ্বিন

দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ২০১৫ সালে । সিনেমার নাম – Yevade Subramanyam । নানি, মালভিকা নায়ার, বিজয় দেভেরাকন্ডা, রিতু ভর্মা, নাসের, কৃতী ধর্মরাজু অভিনিত এই তেলুগু ছবি বক্স অফিসে ভালই সাড়া ফেলেছিল ।

পরের ছবির নাম Mahanati । সেটিও তেলুগু । যেটা নিয়ে আজকের আলোচনা । এই সিনেমায় পঞ্চাশ এবং ষাটের দশকের সবচেয়ে জনপ্রিয় দক্ষিণি নায়িকা সাভিত্রীর জীবনকে ক্যানভাসে তুলে ধরেছিলেন পরিচালক নাগ অশ্বিন । তিনি ছিলেন সেই সময়কার জনপ্রিয় তামিল সুপারস্টার তথা বলিউড অভিনেত্রী রেখার বাবা জেমিনি গণেশনের দ্বিতীয় স্ত্রী । সাভিত্রী দেবী যে তাঁর সময়কালে শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তা নয়, তিনি ছিলেন দয়ার সাগর । মানুষের বিপদে-আপদে, যখন যেভাবে পেরেছেন, সকলকে সাহায্য করেছেন । সেই সময়ে নায়িকাদের মধ্যে সাভিত্রী গণেশনের পারিশ্রমিক ছিল সবচেয়ে বেশি । অথচ তাঁর শেষ জীবন ছিল বড়ই কঠীন । সেই রিয়েল ঘটনাই রিলবন্দি করেছিলেন পরিচালক নাগ অশ্বিন ।

Mahanati-র ঘোষণা

Yevade Subramanyam শেষ করার পর, ২০১৬ সালে নাগ অশ্বিন ঘোষণা করেন যে তাঁর পরের ছবি হবে একটি বায়োপিক । যার কেন্দ্রীয় চরিত্রের নাম সাভিত্রী । ঘোষণার পর ৬ মাস ধরে চলে তাঁকে নিয়ে গবেষণা, পড়াশুনা । সেই সময়কার বিভিন্ন পত্র পত্রিকা, খবরের কাগজ থেকে যতদূর সম্ভব, জানার ও চেনার চেষ্টা করেছিলেন সাভিত্রীকে । এছাড়াও কথা বলেন সেই সময়কার বেশ কিছু সাংবাদিকের সঙ্গে ।

এক নয়া পয়সা না থাকা অবস্থায় চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ । তারপর প্রথম মহিলা সুপারস্টার । তাঁর জীবন যেন নীরব গল্প । এভাবেই রিয়েল সাভিত্রী-কথাকে রিল বন্দি করার সিদ্ধান্ত নেন পরিচালক । বৈজয়ন্তী ফিল্মের ব্যানারে এই ছবি তৈরি হয় । প্রযোজক ছিলেন অশ্বিন-পত্নি প্রিয়াঙ্কা দত্ত । দেশের একটি প্রথম সারির দৈনিকে সাক্ষাতকার দেওয়ার সময় নাগ অশ্বিন বলেন, সাভিত্রীর সিনেমা দেখে দেখে তিনি বড় হয়েছেন । তাই তাঁকে নিয়ে সিনেমা করার ইচ্ছা তাঁর অবচেতন মনে গেঁথে ছিল । সেই ইচ্ছাকেই তিনি সম্মান জানিয়েছেন ।

Mahanati-র কাস্টিং

এবার শুরু হয় কাস্টিংয়ের কাজ । ২০১৬-র ডিসেম্বরে নাগ অশ্বিন প্রথমে নিথিয়া মেননকে সাভিত্রীর চরিত্রের জন্য পছন্দ করেছিলেন । কিন্তু কোনও কারণে সেটা ক্লিক করেনি । ২০১৭-র জানুয়ারির প্রথম সপ্তাহেই কির্থী সুরেশের সঙ্গে কথা বলেন পরিচালক । পাশাপাশি আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা চলছিল অশ্বিনের । কিন্তু ২০১৬ সালে Thodari সিনেমা দেখার পর, কির্থীকেই সাভিত্রী চরিত্রের জন্য ফাইনাল করেন নাগ ।

যদিও কির্থী নিজে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না সাভিত্রী চরিত্রে অভিনয় করার ব্যাপারে । কিন্তু তাঁর মা, যিনি নিজে ছিলেন সাভিত্রীর ‘ডাই হার্ড’ ফ্যান, তিনি তাঁর মেয়েকে উৎসাহিত করেন কির্থীর চরিত্রে অভিনয় করার জন্য । নিজেকে সাভিত্রী রূপে গড়ে তোলার জন্য, সেই সময়কার সুপারস্টারের একাধিক ছবি দেখেন কির্থী । আরও গভীর ভাবে জানতে, কথা বলেন সাভিত্রী-কন্যা বিজয়া চামুন্ডেশ্বরীর সঙ্গেও ।

এরপর সই করানো হয় সামান্থা আক্কিনিনির সঙ্গে । তাঁকে সাংবাদিক মধুরাভানী চরিত্রের জন্য সাইন করানো হয় । ইনি এমন একজন সাংবাদিক, যিনি নাকি সেই সময় সাভিত্রীর উপর গবেষণা করেছিলেন । তাঁর মুখ দিয়েই গল্পটি বলানো হয়েছে ।

সাভিত্রীর স্বামী জেমিনি গণেশনের চরিত্রের জন্য পরিচালকের পছন্দ ছিল সূর্য অথবা মাধবন । কিন্তু দু’জনের কেউই ডেট দিতে পারেননি । তখন মাম্মুট্টি পুত্র দুলকর সলমনকে জেমিনির চরিত্রে সাইন করান পরিচালক । এটাই ছিল মালায়ালাম তারকার প্রথম তেলুগু সিনেমা ।

এরপর সামান্থার বিপরিতে, ফোটো জার্নালিস্ট বিজয় অ্যান্থনির চরিত্রে সাইন করানো হয় বিজয় দেভেরাকন্ডাকে । যদিও তাঁকে পরিচালক ভেবেছিলেন জেমিনি গণেশনের চরিত্রের জন্য । পরে সংবাদ সংস্থাকে নাগ অশ্বিন জানিয়েছিলেন যে জেমিনির চরিত্রের জন্য দুলকর সলমনই সঠিক বলে তাঁর মনে হয়েছিল । এছাড়া সাভিত্রীর কাকার চরিত্রে অভিনয় করেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজেন্দ্র প্রসাদ, কাকিমার চরিত্রে ভানুপ্রিয়া । অভিনেতা নাগেশ্বর রাও-এর চরিত্রে ছিলেন নাগা চৈতন্য । সেই সময়কার জনপ্রিয় প্রযোজক, চিত্রনাট্যকার তথা পরিচালক আলুরি চক্রপানির ভূমিকায় অভিনয় করেন প্রকাশ রাজ ।

শুটিং-মুক্তি-সম্মান

২০১৭ সালের মে মাস থেকে শুরু হয় শুটিং । শেষ হয় ২০১৮ সালে মার্চ মাসে । অর্থাৎ ১ বছরের মধ্যেই  নিজের মাল্টি স্টারার মেগা মুভির শুটিং শেষ করেছিলেন নাগ অস্বিন । চেন্নাই, মাইসুরু, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পালাকল্লু এবং দিল্লি । বলতে গেলে রাজধানী বাদ দিলে, গোটা দক্ষিণ ভারত জুড়েই চলে শুটিংয়ের কাজ ।

২০১৮ সালের ৯ই মে দেশজুড়ে মুক্তি পায় Mahanati-র তেলুগু ভার্সন । ১১ই মে মুক্তি পায় তামিল এবং মালায়ালাম ভাষায় ডাব করা ভার্সন । শুধু দেশ নয় । সাভিত্রী চরিত্রে কির্থী সুরেশের অভিনয় প্রশংসিত হয় বিশ্বজুড়ে । সেই সঙ্গে প্রশংসার বন্যায় ভেসে যায় নাগ অশ্বিনের চিত্রনাট্য এবং পরিচালনা । ছবির বাজেট ছিল ২৫ কোটি টাকা । কিন্তু বক্স অফিসের আয় বলছে, Mahanati প্রযোজকের ঘরে এনেছিল ৮৫ কোটি টাকা । যেটা কিনা এখনও পর্যন্ত কোনও নারী কেন্দ্রীক দক্ষিণি সিনেমার সর্বোচ্চ আয় ।

৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা তেলুগু সিনেমার সম্মান লাভ করে Mahanati. সেরা অভিনেত্রী হন কির্থী সুরেশ । এছাড়া সেরা কস্টিউম ডিজাইনের সম্মানও পেয়েছিল নাগ অশ্বিনের Mahanati । সেই বছরই ফিল্ম ফেয়ার সাউথ পুরস্কারের মঞ্চে, সেরা ছবির সম্মান লাভ করেছিল Mahanati । এছাড়া তেলুগু ভাষায় সেরা অভিনেত্রীর সম্মান পান কির্থী সুরেশ । এছাড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবেও বিশেষ ভাবে প্রশংসিত নাগ অশ্বিনের বায়োপিক সিনেমা Mahanati ।

২০২১ সালে চারজন পরিচালক চারটি ছোট ছোট সিনেমা তৈরি করেন । ১৯ ফেব্রুয়ারি একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের মুক্তি পায় Pitta Kathalu । সেখানে X Life বলে একটি সিনেমার পরিচালক ছিলেন নাগ অশ্বিন । সেই বছরই Jathi Ratnalu নামে একটি ছবির প্রযোজক ছিলেন নাগ অশ্বিন । শুনলে অবাক হবেন, যে ছবির বাজেট ছিল মাত্র ৬ কোটি টাকা, বক্স অফিসে সেটা আয় করেছিল ৭০ কোটি টাকা ।

চলতি মাসেই মুক্তি পাচ্ছে নাগ অশ্বিনের স্বপ্নের প্রজেক্ট – প্রজেক্ট কে, মানে Kalki 2898AD । এখন এই ছবির মুক্তির অপেক্ষায় গোটা দেশ । বাহুবলীর পর তেলুগু সুপারস্টার প্রভাসের সেভাবে কোনও ছবি বক্স অফিসে লক্ষ্মী লাভ করেনি । সালার কিছুটা মুখরক্ষা করলেও, সাফল্যে ভাগ বসিয়েছেন মালায়ালাম তারকা পৃথ্বীরাজ সুকুমারণ । এবার প্রভাসের বাজি Kalki 2898AD । নাগ অশ্বিনের এই মেগা মুভিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন প্রভাস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube