।। অর্পিতা দাশগুপ্ত ।।
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। রবিবার (৯ জুন) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। দেশ-বিদেশের বহু অতিথি উপস্থিত থাকবেন। বঙ্গ বিজেপির প্রাক্তন প্রধান দিলীপ ঘোষকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। লোকসভা নির্বাচনে ভোটে হেরে দলীয় নেতৃত্বের দিকেই আঙুল তুলেছেন তিনি। শুরু হয়েছে বিতর্ক। তারমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ, রাজনৈতিক মহলের নজর কেড়েছে এই বিষয়টি।
২০১৫ সালে বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয় দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়ে সাংসদ হন তিনি। তাঁর সভাপতিত্বেই ওই বছর উল্লেখযোগ্য ফল করে বঙ্গ বিজেপি। ২০১৪ সালে যেখানে বিজেপির ২ টি আসন ছিল, ২০১৯-এ ১৮ টি আসনে জয় পায় বঙ্গ বিজেপি। ২০২১-এ তাঁকে বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর উত্তরসূরি হয়ে আসেন সুকান্ত মজুমদার। ২০২১-এই তাঁকে বিজেপির সর্বভভারতীয় সহ সভাপতি পদে নিযুক্ত করা হয়, তবে কয়েক বছরের মধ্যেই সেই দায়িত্বেও নতুন মুখ নিয়ে আসা হয়।
২০২৪-এর লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) মেদিনীপুরের বদলে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। এনিয়ে নানা কথা উঠেছিল। শাসক দল সহ অন্যান্য বিরোধী দলগুলিও কটাক্ষ করতে ছাড়েনি। জয় নিয়ে আশাবাদী থাকলেও তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সামনে হারের মুখ দেখতে হয় তাঁকে। এমনকি বাংলায় ভরাডুবি হয় বিজেপির। তাদের ঝুলিতে আসে মাত্র ১২ টি আসন। এরপরই দলীয় নেতৃত্বকে একের পর এক ‘খোঁচা’ দিয়েছেন তিনি। অসন্তোষ প্রকাশ করেছেন দলের সংগঠনের উপরেও। ‘ষড়যন্ত্র করে তাঁকে হারা আসনে পাঠানো হয়েছিল’, এমন বিস্ফোরক দাবিও করেছিলেন দিলীপ ঘোষ।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্য ঘিরে যখন বিতর্কের ঝড়। সেইসময়েই মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের একাংশের মতে, দিল্লিতে তাঁকে নিয়ে বৈঠকে বসতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও এবিষয়ে এখনও কিছু নিশ্চিত নয়। সব ঠিক থাকলে রবিবার সকালেই দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা দিলীপ ঘোষের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

