পর্ন তারকাকে দেওয়া ঘুষের ফৌজদারি মামলায় গত সপ্তাহে নিউ ইয়র্কের আদালতে ৩৪ টি অভিযোগে দোষী ডোনাল্ড ট্রাম্প । ফলে অনেকটাই জনসমর্থন হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ।

ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়, সেদেশের আসন্ন নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যাবে বলে রিপাবলিকানরা দাবি করলেও, নতুন কয়েকটি জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে ভিন্ন ছবি । দ্য গার্ডিয়ান পত্রিকার মতে, এই মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে কিছু সংখ্যক ভোটার এখন বাইডেনের দিকে ঝুঁকছেন ।
জনসমর্থনের দিক থেকে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান অনেকটাই কমে এসেছে । ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার আগে, গত এপ্রিল এবং মে মাসে সমীক্ষা চালানো ২ হাজার মার্কিন নাগরিকের মধ্যে নতুন করে চালানো নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ যৌথ সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্প আগের তুলনায় এক পয়েন্ট সমর্থন হারিয়েছেন । আর অন্যদিকে জো বাইডেন এক পয়েন্ট বেশি সমর্থন পেয়েছেন । অন্য একটি সমীক্ষায় অবশ্য ট্রাম্পের জনসমর্থন আগের মতো একইরকম আছে বলে দাবি করা হয়েছে । তবে বাইডেনের জনসমর্থন, গতমাসের তুলনায় এক পয়েন্ট বেড়েছে বলেই দাবি ওই সমীক্ষায় ।
তাছাড়া, প্রধান চারটি সমীক্ষার মধ্যে দু’টিতে জনসমর্থনের দিক থেকে বাইডেনকে এগিয়ে যেতে দেখা গেছে । গত সপ্তাহে সংবাদ সংস্থা রয়টার্স এবং ইপসোস-এর যৌথ সমীক্ষায় দেখা যায় বাইডেন এগিয়ে রয়েছেন দুই পয়েন্টে । প্রসঙ্গত, ট্রাম্পের মামলার রায় হওয়ার সময় এই জনমত সমীক্ষাগুলো চালানো হয় ।
এছাড়া মর্নিং কনসাল্ট-এর সমীক্ষায় বাইডেন এগিয়ে আছেন এক পয়েন্টে । যদিও আইএন্ডআই এবং টিআইপিপি-এর সমীক্ষায় ট্রাম্প এবং বাইডেনের জনসমর্থন সমানে সমান বলে দাবি করা হয়েছে । ইকোনোমিস্ট এবং ইউগভ সমীক্ষতেও বাইডেন এবং ট্রাম্প, দুইজনকেই ৪২ শতাংশ জনসমর্থন পেতে দেখা গেছে ।

ট্রাম্পই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন । আবার তিনিই কিন্তু প্রধান একটি দল থেকে, আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন । আগামী ১১ জুলাই ডোনাল্ড ট্রাম্পের সাজার রায় ঘোষণার সম্ভাবনা ।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন । তাছাড়া, এই অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে, ট্রাম্প তাঁর ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ ।

ড্যানিয়েলসের দাবি, তাঁদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছিল এবং ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে চুপ থাকতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের সে সময়ের আইনজীবী । অবশ্য ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের খবর ২০১৮ সালে ছড়ানোর পর থেকেই ডোনাল্ড ট্রাম্প সেটা অস্বীকার করে আসছিলেন । যদিও মার্কিন আদালতে সেই দাবি আর ধোপে টিকল না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

