‘কিংবদন্তি’-র অবসরের আগে মদ্রিচের বার্তা

।। সৌম্যজিৎ মিশ্র ।।

আজ, বৃহস্পতিবার, কলকাতার বুকে যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল । আর এই ম্যাচ জিততে পারলেই ফুটবল ইতিহাসের পাতায় নাম লেখাবে ব্লু টাইগাররা । এই ম্যাচ শেষে নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার থেকে অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী । আজকের এই ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় ফুটবল দলের অধিনায়কের জন্য শুভেচ্ছা বার্তা এল লুকা মদ্রিচের থেকে ।

এবার বৃহস্পতিবার ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় ফুটবল দলের অধিনায়কের জন্য শুভেচ্ছা বার্তা এল লুকা মদ্রিচের থেকে । তাঁর আশা, সুনীলের জন্যই টিম ইন্ডিয়া এই ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চাইবে । অন্যদিকে ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন । সেই ভিডিও দেখা যায় মদ্রিচ বলছেন, ‘হাই সুনীল, আমি তোমাকে হ্যালো বলতে চাই । জাতীয় ফুটবল দলের হয়ে তুমি শেষ ম্যাচ খেলতে নামছ । এই বর্ণাঢ্য কেরিয়ারের জন্য তোমাকে অসংখ্য শুভেচ্ছা । এই খেলায় তুমি একজন কিংবদন্তি । আর ভারতীয় ফুটবলারদের আমি একটাই কথা বলতে চাই, যে সুনীলের শেষ ম্যাচটা তোমরা স্মরণীয় করে রাখতে সাহায্য কর । শুভেচ্ছা রইল অধিনায়কের জন্য, তোমরা জয়লাভ কর’। আর এই বার্তার পর পাল্টা বার্তা দিয়েছেন কোচ স্টিমাচও । তিনি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ লুকা । আমরা দেশ এবং আমাদের অধিনায়ককে গর্বিত করার জন্য যাবতীয় শক্তি নিয়ে ঝাঁপাব’।

উল্লেখ্য, মদ্রিচ এবং স্টিমাচের সম্পর্ক বেশ পুরনো । ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এক সময় ইগর ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচ ছিলেন । আর সেই সময়ে মিডফিল্ডার মদ্রিচকে স্টিমাচের ( যিনি বর্তমানে ভারতীয় ফুটবল কোচ) অধীনে খেলেছিলেন । কয়েকদিন আগে মদ্রিচও অবশ্য একটি সাফল্য অর্জন করেছেন । রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ষষ্ঠবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয় করেছেন । ফলত তাঁর এই বার্তা সুনীলকে শেষ ম্যাচে আরও অনুপ্রাণিত করবে বলেই মনে করছে ক্রীড়া মহল ।

একই সঙ্গে বলে রাখা ভাল, বৃহস্পতিবারের এই ম্যাচ বিশেষ তাৎপর্যপূর্ণ । ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের তালিকায় নাম লেখাবে ভারতীয় ফুটবল দল । এখানেই আরও একটি প্রসঙ্গ উল্লেখ করা প্রয়োজন, এর আগে কখনও তৃতীয় রাউন্ডে পা রাখেনি ভারতীয় দল । এখন তা শুধু সময়ের অপেক্ষা ।

পাশাপাশি ফুটবল প্রেমীদের কাছে এই ম্যাচটি চিরস্মরণীয় হয়ে থাকবে আরও একটি কারণে । তা হল এই ম্যাচ শেষে নিজের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার থেকে অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী । ৩৯ বছর বয়সী এই ফুটবল তারকা তার কেরিয়ারে ১৫০ টি ম্যাচ খেলে দলের হয়ে গোল করেছেন ৯৪ টি । একমাত্র সুনীলই ভারতীয় ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলেছেন; এবং একই সঙ্গে দলের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ডও করেছেন তিনি । আর এই কারণেই তো আন্তর্জাতিক ফুটবল জগতের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিদের পরেই তৃতীয় স্থানে রয়েছেন সুনীল ।

আর কয়েক ম্যাচ খেললেই নিজের কেরিয়ারের গোল সংখ্যায় শতক ছুঁয়ে ফেলতেন তিনি । কিন্তু তার আগেই এই সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভারতীয় ফুটবলের অধিনায়ক । বেশ কিছুদিন আগেই এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা । এমনকি সুলীনের এই সিদ্ধান্তের পর, তাঁকে অনেক বোঝানোর চেষ্টাও করেছিলেন তার দলের সদস্যরা । তবে তিনি তাঁর অবস্থানে অনড় থাকেন । তিনি মনে করেন, এবার সময় হয়েছে নতুনকে জায়গা করে দেওয়ার । আর তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফুটবল মহল । শুভেচ্ছা বার্তা পাঠান ফুটবল মহলের একাংশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube