একই দিনে একাধিক সুপারস্টারের সিনেমা রিলিজের নজির এদেশে কম নেই । যেমন আগামী মাসের ১২ তারিখ । বলিউড, কলিউড এবং হলিউড মিলিয়ে ওই দিন মোট চারটি বিগ বাজেট মুভি রিলিজ করছে । এরপর যে তারিখটার দিকে তাকিয়ে আপামর দক্ষিণী সিনেমাপ্রেমীরা, সেটা হল ১০ অক্টোবর । ওইদিন কলিউড এবং টলিউডের দু-দুটি মেগা মুভি রিলিজ করছে ।

‘জেলার’ সিনেমার ব্যাপক সাফল্য । সেই রেশ কাটতে না কাটতেই, পরের ছবি – ‘ভেত্তাইয়ান’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি । আপাতত সেই ছবিতে তাঁর অংশের শুটিং শেষ । হাতে রয়েছে লোকেশ কনগরাজের মেগা মুভি ‘কুলি’ ।

তবে এখনও শুরু হয়নি শুটিং । ফলে মাঝে কয়েকদিনের বিরতি । সেই সুযোগে একেবারে দক্ষিণ ভারত থেকে সুদুর উত্তর ভারতে পাড়ি দিয়েছেন মেগাস্টার রজনীকান্ত । চলছে তাঁর হিমালয় সফর । সম্প্রতি কেদারনাথ ও বদ্রিনাথ ঘুরে, মহাবতার বাবাজি মন্দির দর্শন করেন থ্যালাইভার । সাক্ষাত করেন একাধিক সাধু সন্তদের সঙ্গে । তাঁদের সঙ্গে আলাপচারিতায় রজনীকান্ত বলেন, তাঁর পরের ছবি ভেত্তাইয়ান মুক্তি পাবে ১০ অক্টোবর । বিজয়া দশমীর ঠিক ২দিন আগে ।
এরপরই শুরু হবে তাঁর পরের প্রজেক্ট – থ্যালাইভার ১৭১, যার অফিশিয়াল টাইটেল কুলি । এই সিনেমার শুটিং শুরু হবে সম্ভবত চলতি মাসের মাঝামাঝি । এটাই পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গে থ্যালাইভারের প্রথম কাজ । এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে ভারতীয় সিনেমার আরও এক মেগাস্টার কমল হাসানকে । এছাড়াও দেখা যাবে শোভা, সথ্যরাজ, কিশোর কুমার জি-কে ।
ভেত্তাইয়ান ছবিতে রজনীকান্তের সঙ্গে আবার দেখা যাবে মেগাস্টার অমিতাভ বচ্চনকে । প্রায় তিন দশক পর আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ভারতীয় চলচ্চিত্রের দুই মহা তারকাকে । এছাড়াও পরিচালক টি জে গ্যানাভেলের এই ছবিতে রজনীকান্ত এবং বিগ বি-র সঙ্গে দেখা যাবে মালায়ালাম তারকা ফাহাদ ফাসিল, তেলুগু তারকা রাণা দুগ্গাবতিকে । এছাড়াও রয়েছেন মঞ্জু ওয়ারিয়ার, রিতিকা সিং, কিশোর, দুশারা ভিজয়ন সহ আরও অনেকে ।

যেদিন থ্যালাইভার ভেত্তাইয়ান মুক্তি পাচ্ছে, সেই দিনই মুক্তি পাচ্ছে এনটিআর জুনিয়রের বহু প্রতিক্ষিত মেগা মুভি – দেভারা পার্ট ওয়ান । এই সিনেমার সূত্রেই তেলুগু ফিল্মে আত্মপ্রকাশ বলিউড তারকা সইফ আলি খান এবং জহ্নবি কাপুরে । এছাড়াও আছেন কালিয়াসরন, প্রকাশ রাজ, রামায়া কৃষ্ণণ, মুরলী শর্মা, শাইনি টম চাকো এবং অভিমন্যু সিং ।

ভেত্তাইয়ান এবং দেভারা – দু’টি সিনেমারই সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রভিচন্দর । ইতিমধ্যেই এই সিনেমাগুলির বেশ কয়েকটি গান, সমাজমাধ্যমে ভীষণই জনপ্রিয় হয়েছে । এখন দেখার বিষয় এটাই, ভেত্তাইয়ান এবং দেভারা – দু’টি সিনেমার বক্স অফিস কালেকশন কেমন হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

