সেলুলয়েডে বিপর্যয়

সবচেয়ে বড় দুর্গা । বাঙালীর শ্রেষ্ঠ উৎসবের আগের এই ট্যাগ লাইনটা মনে আছে ? সিনেমার প্রচারে এরকমই একটি ট্যাগলাইন ব্যবহার করেছিলেন ‘2018 : Everyone is Hero‘ ছবির নির্মাতারা । তাঁদের দাবি ছিল – এটাই নাকি এখনও পর্যন্ত মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা । সত্যিই তাই । জ্যুড অ্যান্থনি জোসেফের এই ছবি যে শুধু বিগ বাজেটের, তা নয় । মলিউডের প্রায় সমস্ত প্রথম সারির অভিনেতারা আছেন এই রিয়েলিস্টিক মুভিতে ।

২০১৮ সালের ১৬ অগাস্ট । বর্ষার প্রবল রূপ দেখেছিল কেরালাবাসী । শতাব্দীর ভয়ঙ্কর বন্যায় প্রাণ হারিয়েছিলেন প্রায় পাঁচশোজন । আজও নিখোঁজ অন্তত ১৫জন । ভিটে মাটি হারিয়েছিলেন প্রায় দশ লক্ষ মানুষ । দুর্যোগের সেই ভয়ঙ্কর ছবি, সেলুলয়েডে তুলে ধরেছিলেন পরিচালক জ্যুড অ্যান্থনি জোসেফ ।

তিনি যে এরকম একটা সিনেমা করবেন, সেটা ঘোষণা করেছিলেন দুর্যোগ কেটে যাওয়ার দু মাস পরেই । অর্থাৎ ২০১৮ সালের ১৬ অক্টোবর । জোসেফের অনুপ্রেরণা ছিল – ২০০৯ সালের সুপার হিট মার্কিন এপিক মুভি –2012 । ছবির ঘোষণা ২০১৮ সালে হলেও, শুটিং শুরু হয় ২০২২ সালের ২৭ মে । কেরালার বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয় । এছাড়া শুটিং হয় তিরুনেলভেলি এবং হায়দরাবাদে ।

প্রথম থেকেই নির্মাতাদের দাবি ছিল – 2018 : Everyone is Hero, এই সিনেমা হল ‘biggest Malayalam film ever made’ । ছবির কাস্টিং এবং বাজেট – দুইয়ের নিরিখে । বাস্তবেও তাই । ছবির যা কাস্টিং, তাতে কে নেই ? Tovino Thomas, Kaliyasaran, Asif Ali, Aparna Balamurali, Vineeth Sreenivasan, Indrans, Siddique, Narain, Harikrishnan, Renji Panicker, Kunchacko Boban সহ মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেক পরিচিত মুখ । 

মালায়ালাম এই ‘survival thriller‘ এর মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ২১ এপ্রিল । কিন্তু কয়েকটি কাজ বাকি থাকায়, মুক্তি পায় মে মাসের ৫ তারিখ । আর মজার ব্যাপার হল, ছবিটা যখন দক্ষিণ ভারতের বিভিন্ন সিনেমা হলে রমরমিয়ে চলছে, তখনই প্রযোজকরা ঠিক করেন যে আর দেরি না করে, ওটিটি প্ল্যাটফর্মেও ছবি রিলিজ করা হবে । যাতে প্যান ইন্ডিয়ার দর্শক ছবিটা দেখতে পান । কার্যত সেটাই হয়েছে ।

আমরা Twister, The Hurricane Heist, The 5th Wave, Hours, The Perfect Storm, The Wave, The Day After Tomorrow, Volcano-র মত সব বিখ্যাত হলিউড মুভি দেখেছি । এমনকি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বলিউডেও বেশ কিছু সিনেমা হয়েছে । যেমন Kedarnath, Kaala Patthar সহ আরও কয়েকটি । কিন্তু এর মধ্যে একটিও এর সমতুল্য, সেটা বলা যাবে না । এই ছবি, বলাই যেতে পারে যে হলিউডের থেকে কোনও অংশে কম নয় ।

সিনেমাটোগ্রাফি আর ভিসুয়াল এফেক্টসের তুলনা নেই । যদিও পরিচালক জানিয়েছেন যে ছবির অধিকাংশ দৃশ্যই ‘real shoot’ । মানে ক্যামেরায় তোলা । VFX এর কারসাজি খুবই কম ।

ছবিতে দেখানো হয়েছে, বিপর্যয় এলে সব শত্রুতা ভুলে, মানুষ কীভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে, বুক চিতিয়ে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে । যোদিও প্রশ্ন তোলা হয়েছে তৎকালীন কেরালা সরকারের কয়েকটি সিদ্ধান্তকে নিয়ে । যেমন বাঁধ থেকে জল ছাড়া । তবে রাজনৈতিক বিতর্ক যাই থাকুক না কেন, বিভিন্ন পেশার মানুষ, সেদিন যে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন, প্রবল দুর্যোগেও পথে নেমেছিলেন, সেটা ছিল তারিফযোগ্য । বিশেষ করে কেরালার মৎ্যজীবীদের ভূমিকা ।

এটি এমন একটি সিনেমা, যেটা দর্শককে একটানা বসে দেখতে বাধ্য করবে । চোখের সামনেই তাঁরা দেখতে পাবেন, সেদিন কত বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল কেরালার অধিকাংশ জেলা । আটকে পড়া বিদেশি পর্যটকদের কীভাবে আশ্রয় দিয়েছিল গ্রামের মানুষ, সেই সমস্ত রিয়েল ঘটনাও তুলে ধরা হয়েছে রিলে । এই সিনেমা কিন্তু কোনও একজনের গল্প নয় । এই সিনেমা মানুষের বেচেঁ থাকার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের সফল রিল স্টোরি । 

ছবির বাজেট ছিল প্রায় তিরিশ কোটি টাকা ।আর বক্স অফিসে লাভের অঙ্ক ছিল ১৭৬ কোটি টাকা । নিশ্চই অবাক হচ্ছেন ! কিন্তু এটাই হল সত্যি । ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত  2018 : Everyone is Hero মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির বাণিজ্যিক ভাবে সবচেয়ে সফল ছবি । যার IMDB রেটিং ৮.৬

কিন্তু চিদাম্বরম পরিচালিত রেস্কিউ মুভি ‘Manujummel Boys‘ রিলিজ করার পর, সেই রেকর্ড ভেঙে যায় । আপাতত সৌবিন সাহির, শ্রীনাথ ভাসি অভিনিত এই ছবির বক্স অফিস আয় – ২৪৫ কোটি টাকা, যা এখনও পর্যন্ত রেকর্ড । ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া 2018 : Everyone is Hero – এই সিনেমাটিকে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে যাওয়ার জন্য মনোনিত করে ।

এর আগে আরও তিনটি মালায়ালাম সিনেমা এই বিভাগে অস্কারে মনোনিত হয়েছিল, সেগুলি হল ১৯৯৭ সালের মেগা মুভি ‘Guru‘; অভিনয় করেছিলেন মোহনলাল, সুরেশ গোপী । ২০১১ সালে সেলিম আহমেদের সামাজিক ছবি ‘Adaminte  Maken Abu‘ । আর ২০১৯ সালে লিজো জোস পিল্লেসেরির ছবি Jallikattu

এছাড়া ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান প্যানোরামা মেইনস্ট্রিম বিভাগেও দেখানো হয় 2018 : Everyone is Hero । এখনও যদি এই ছবি না দেখে থাকেন, তাহলে দেখে নিন প্লিজ ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube