চৌষট্টিতে পা দিলেন মোহনলাল । সেই উপলক্ষে তাঁর ভক্তদের বিশেষ উপহার দিলেন এল টু এমপুরান সিনেমার পরিচালক । কী সেই উপহার ? রিলিজ করা হল ছবির নতুন পোস্টার । সেখানে আবার স্টিফেন নেদুম্বাল্লি ওরফে খুরেশি আব্রাহাম-এর চরত্রে দেখা যাবে মেগাস্টার মোহনলালকে ।

ভিড়ের মধ্যে উজ্জ্বল এক চরিত্র । ড্রেসড ইন ব্ল্যাক । চোখে ম্যাচিং সানগ্লাস । তাঁকে ঘিরে অসংখ্য মানুষ । এটাই মালায়াম সুপাস্টার মোহনলালের নতুন ছবি এল টু এমপুরান ছবির লেটেস্ট পোস্টার । যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপামর চলচ্চিত্র প্রেমীরা । এভাবেই সোশ্যাল মিডিয়ায় লালেট্টানকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছবির পরিচালক তথা মালায়ালাম সিনেমার আরও এক সুপারস্টার ইন্দ্রজিত সুকুমারন । পোস্টারের তলায় লেখা – হ্যাপি বার্থ ডে লালেট্টা । সেই সঙ্গে নির্মাতারা আরও জানিয়েছেন যে মাতৃভাষার পাশাপাশি, একই সঙ্গে তামিল, তেলুগু এবং কান্নাডা ভাষাতেও মুক্তি পাবে এল টু ।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল মোহনলালের লুসিফার । মলিউডের বক্স অফিসে ঝড় তুলেছিল মালায়ালাম ভাষায় তৈরি হওয়া এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার । পরিচালক পৃথ্বিরাজ সুকুমারনের সব হিসেব ওলট পালট করে দিয়েছিল লুসিফার । মোহনলালের সঙ্গে সেই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন বলিউডের ভিভেক ওবেরয় । এছাড়াও ছিলেন মঞ্জু ওয়ারিয়র, টভিনো থমাস, ইন্দ্রজিত সুকুমারণ, সাই কুমার, সচিন খেডেকর । জায়িদ মাসুদের চরিত্রে ছিলেন পৃথ্বীরাজ নিজেই । ভারতীয় মূদ্রায় ছবির বাজেট ছিল চল্লিশ কোটি টাকা । আর বক্স অফিসে আয় করেছিল একশো চল্লিশ কোটি টাকা ।
লুসিফার-এর সিকুয়্যাল হল এল টু এমপুরান । লাইকা প্রোডাকশনস এবং আশীর্বাদ সিনেমা, যৌথ ভাবে এই সিনেমার প্রযোজক । লুসিফার-এর ব্যাপক সাফল্যের পর পরই এল টু এমপুরান-র ঘোষণা করেন পৃথ্বীরাজ সুকুমরণ । যদিও একদম প্রথম থেকেই পরিচালকের ইচ্ছে ছিল, এটি তিন সিজনের ওয়েব সিরিজ আকারে তৈরি করা হবে । প্রথমটির নাম হবে লুসিফার । বক্তব্য ছিল একটাই । প্রথম সিরিজের গল্পের কোনও রেশ থাকবে না সিজন টু-তে । বরং সেখানে যে সমস্ত ঘটনা দেখানো হয়েছে, তার পরের এফেক্ট কী রকম, সে কথাই বলবে সিজন টু । তবে পরবর্তীকালে লুসিফার সিনেমা আকারেই মুক্তি পায় ।

কিন্তু এল টু এমপুরান-এর কাজ শুরু করার আগেই বিশ্বজুড়ে থাবা বসায় কোভিড নাইনটিন । সেই সুযোগে ছবির চিত্রনাট্যকে আরও ঢেলে সাজানোর সুযোগ পেয়ে যান স্ক্রিপ্ট রাইটার মুরলী গোপী । শেষ পর্যন্ত ২০২২ সালের জুলাই মাসে শেষ হয় চিত্রনাট্য লেখার কাজ । অগাস্ট মাস থেকে শুরু হয় প্রি প্রোডাকশনের কাজ । এই সময় আশীর্বাদ সিনেমার সঙ্গে হাত মেলায় লাইকা প্রোডাকশনস ।

৫ অক্টোবর ২০২২৩, উত্তরপ্রদেশের ফরিদাবাদে শুরু হয় শুটিং । তারপর আমেরিকা, ইংল্যান্ড, সংযুক্ত আমিরশাহী, মেক্সিকো এবং রাশিয়ায় শুট হয় এল টু এমপুরান-এর বিভিন্ন সিন । পরিচালকের চোখে খুরেশি আব্রাহমের চরিত্রটি কীরকম? এমন একজন, যার ক্ষমতা সম্রাটের থেকে বেশি কিন্তু ভগবানের থেকে কম । চিত্রনাট্যকার মুরলী গোপীর দাবি, লুসিফার-এ খুরেশির চরিত্রের যে রসায়ণ ছিল, তার সিক্যুয়াল এল টু এমপুরান-এ তার থেকে অনেক বেশি ওজনদার চরিত্র আবির্ভূত হবেন মোহনলাল ওরফে খুরেশি ।
এল টু এমপুরান-এর আগেই মোহনলালের সঙ্গে আরও একটি ছবি করে ফেলেন পৃথ্বীরাজ । ব্রো ড্যাডি । সেই ছবির পরিচালকও ছিলেন সুকুমারণ । প্রযোজক ছিলেন অ্যান্টনি পেরুমবাভুর । কেরালার দুই খ্রিশ্চান পরিবারকে কেন্দ্র করে গল্প । একটি বিয়ের অনুষ্ঠানে ওই দুই পরিবারের আলাপ হয় । তারপর কী কী ঘটেছিল, সেটাই বলবে ব্রো ড্যাডি ।
এল টু এমপুরান-এ মোহনলাল এবং পৃথ্বীরাজ সুকুমারণের সঙ্গে আবারও দেখা যাবে টভিনো থমাস, মঞ্জু ওয়ারিয়র, ইন্দ্রজিত সুকুমারণ, সুরজ ভেঞ্জারামুড়ুকে. তাঁদের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবেন বাংলার যীশু সেনগুপ্ত । এছাড়াও দেখা যাবে জনপ্রিয় তামিল অভিনেতা অর্জুন দাস, ববি সিমহাকে । এখানেই শেষ নয় । অভিমন্যু সিং, রভি কিষণ, ভিভেক ওবেরয়, সচিন খেডেকরের সঙ্গে এবার যুক্ত হয়েছেন দুই জনপ্রিয় মালায়ালাম অভিনেতা শাইনি টম চাকো এবং রাহুল মাধভ । এছাড়া মার্কিন অভিনেতা ও সঙ্গীত পরিচালক অ্যালেক্স ও নীল-কেও এই সিনেমায় দেখা যাবে । গত বছরের একদম শেষ দিকে এল টু ছবির সঙ্গে যুক্ত হন মালায়ালাম অভিনেত্রী সানিয়া আয়াপ্পান । যদিও তিনি ঘোষণা করেছিলেন যে ব্যাচেলার্স ডিগ্রি কোর্স করতে ইংল্যান্ডে যাচ্ছেন, তাই অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন ।

তবে সুকুমারণের অনুরোধে তিনি এই ছবিতে সই করেন । লুসিফারেও তিনি ছিলেন । এখানেও সেই সুজিথ ভাসুদেভনকেই দেখা যাবে ক্যামেরার পিছনে । ছবির সঙ্গীত পরিচালক দীপক দেভ । আপাতত কবে মুক্তি পাবে, সেটা এখনও স্পষ্ট করে জানানো হয়নি । তবে মালায়ালাম ভাষার পাশাপাশি, হিন্দি, তামিল, তেলুগু এবং কান্নাডা ভাষাতেও একই সঙ্গে মুক্তি পাবে এল টু এমপুরান । শুধু তাই নয়, মালায়ালাম ভাষায় আইম্যাক্স ফরম্যাটে রিলিজ করবে এল টু ই ।

যেহেতু এটা প্রথম থেকেই ট্রায়োলজি হিসেবে ঘোষণা করা হয়েছে, পরিচালক পৃথ্বীরাজ সুকুমারণ জানিয়েছেন, এল টু ই-এর কাজ শেষ করার পর পরই তিনি এই সিরিজের তৃতীয় ছবির কাজ নিয়ে আলোচনা শুরু করবেন । লুসিফার যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছিল, তেলুগু ভাষায় তৈরি হওয়া সেই ছবির রিমেক গডফাদার কিন্তু সেভাবে সফল হয়নি । তেলুগু মেগাস্টার চিরঞ্জিভির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বলিউডের ভাইজান সলমন খান । ২০২২ সালে মুক্তি পেয়েছিল গডফাদার । দুই মেগাস্টারের সঙ্গে ছিলেন নয়নথারা, সত্য দেভ, মুরলী শর্মা, তনয়া রভীচন্দ্রন, ব্রহ্মজি সহ আরও অনেকে । বাজেট প্রায় দেড়শো কোটি টাকা হলেও, সূত্রের খবর, বক্স অফিসে কোনওক্রমে সেঞ্চুরি করতে পেরেছিল চিরঞ্জিভির গডফাদার ।
আপাতত এল টু এমপুরান-এর মুক্তির দিন ঘোষণার দিকে তাকিয়ে গোটা দেশের চলচ্চিত্র প্রেমীরা । মনে করা হচ্ছে চলতি বছরের মাঝামাঝি হয়ত প্রযোজকদের তরফে কোনও ঘোষণা করা হতে পারে । এমনিতেই লুসিফার-এর সাফল্যের পর এল টি ই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে । তারপর নির্মাতাদের তরফে কোনও ঘোষণা এলেই, হয়ত অগ্রীম বুকিংয়ের সুনামি দেখা যাবে, মত বিশ্লেষকদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

