সুতপাকাণ্ডের ছায়া মুর্শিদাবাদে, নাবালিকা প্রেমিকাকে কুপিয়ে খুন যুবকের

প্রকাশ্য দিবালোক বাড়ি থেকে ডেকে এনে প্রেমিকাকে খুন। হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানা এলাকায়। প্রেমঘটিত কারণেই খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।

পুলিশ সূত্রে খবর, নিহত নাবালিকার নাম সাবিনা খাতুন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি করছিল। লালবাগ কলেজে ভর্তির জন্য ফর্ম ফিলাপ করেছিল। নাবালিকার বাবা পেশায় রাজমিস্ত্রি। কয়েক বছর ধরেই অভিযুক্ত মিঠু শেখের সঙ্গে সম্পর্কে ছিল সাবিনার। সম্প্রতি যুবকের সন্দেহ হয় সে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এনিয়ে দুজনের সম্পর্কে চিড় ধরে। প্রায়ই অশান্তি হত। শনিবার সকালে প্রেমিকাকে ফোন করে দৌলতাবাদের একটি স্কুল মাঠে ডেকে পাঠায় যুবক। সেখানে গেলেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আচমকাই ধারাল অস্ত্র বের করে সাবিনাকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে মিঠু। গলার নলি কেটে খুন করে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, খুনের পর ঘটনাস্থল ছেড়ে সোজা বাড়িতে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানায়। পুলিশ তাঁকে বাড়ি থেকেই আটক করে নিয়ে যায়। অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। গলার নলি কেটে দেওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খুনের আসল কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে বহরমপুরে নিজের মেসের সামনেই খুন হন কলেজ ছাত্রী সুতপা চৌধুরী। পাঁচ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তরুণী। প্রত্যাখ্যান সহ্য করতে না পেরেই প্রেমিক সুশান্ত চৌধুরী তাঁকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনার এক বছর পর অভিযুক্তকে ফাঁসির সাজা শোনায় আদালত। সুতপা হত্যাকাণ্ডের দু’বছরের মধ্যেই মুর্শিদাবাদে এক নারকীয় হত্যাকাণ্ড।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube