মঙ্গলবার মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল তৃতীয় দফার লোকসভা নির্বাচন । খড়গ্রামে বুথের কাছেই ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা করে কংগ্রেস ও তৃণমূল ।

দাবি ওঠে, খড়গ্রামের আসলপুরে বুথের কাছেই পাত পেড়ে ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ার ব্যবস্থা করে কংগ্রেস । শুধু তাই নয় একই সঙ্গে সেখানেই চলে রান্নাও । অন্যদিকে, খড়গ্রামের পলসণ্ডায় বুথের ১০০ মিটারের মধ্যে মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছিল তৃণমূলও । দেদার চলল ঘুগনি রান্না । পরে পুলিশ গিয়ে তা তুলে দেয় ।

খড়গ্রাম বিধানসভার ইন্দ্রানী এলাকাতে পলিব্যাগের ভিতর ঠাসা রয়েছে সাদা মুড়ি । ওপর থেকে ছড়ানো হয় ঘুগনি । কোথাও আবার উপরি পাওনা চপ, সঙ্গে আবার গোটা কয়েক ফুলুরিও দেওয়া হচ্ছিল ভোটারদের । ব্যবস্থা শুধু ভোটদাতাদের জন্যই ছিল না । তাঁদের সঙ্গে কোনও শিশু থাকলে তার জন্যও বরাদ্দ থাকছে মুখরোচক এই খাবার । বুথের সামনেই খাটিয়া-বেঞ্চ টেবিল পেতে ভোটারদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন কয়েকজন ।
মঙ্গলবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গ্রাম বিধানসভা এলাকাতে পুলিশের সামনেই দেদার মুড়ি, ঘুগনি-চপ দেওয়া হচ্ছিল ভোটারদের । কোথাও কংগ্রেসের বিরুদ্ধে কোথাও বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসব বিলি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে । কেউ ভোট দেওয়ার আগে, আবার কেউ ভোট দেওয়ার পরে টিফিন নিচ্ছেন । তবে এতে কোন পয়সা লাগছে না ।
মুড়ি ঘুঘনি খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন অনেকে । অনেকে আবার প্যাকেট হাতেই হন হন করে হাঁটা লাগাচ্ছেন বাড়ির উদ্দেশে । বুথের সামনে কয়েকজন ভোটারদের হাতে সাদা কাগজের কুপন দিচ্ছেন । প্রশ্ন করা হলে তাঁরা জানান, তাঁরা প্রত্যেকেই রাজনৈতিক দল করেন । তাঁদের দেওয়া সেই কুপন দিয়ে ভোটাররা টিফিন নিচ্ছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

