বৃহস্পতিবার গার্ডেনরিচ কান্ডে রিপোর্ট পেশ করল কলকাতা পুরসভা । রিপোর্ট পেয়ে কলকাতা পুরসভাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মন্তব্য করেন, ‘খাতায় – কলমে দেখে সব ভালোই লাগছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না ।
ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, ‘প্রশাসনিক সদিচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেটা না থাকলে কিছুই হবে না । সরকারি আধিকারিকদের হাত বেঁধে রেখে তাদের যদি রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে বলা হয় তাহলে কোনদিনই কিছু হবে না’ । এই প্রসঙ্গে উঠে আসে কলকাতা পুরসভার সামনের বহুকালের হকার সমস্যা । প্রধান বিচারপতি বলেন, আপনারা ( কলকাতা পুরসভা) নিজেদের অফিসের সামনে হকার সমস্যার সমাধান করতে পারছেন না, কারণ সদিচ্ছার অভাব । কোনদিন এই সমস্যা সমাধানের চেষ্টা করেছেন কি?
একই ভাবে গার্ডেনরিচ অঞ্চলের আরও একটি বাড়ির প্রসঙ্গ উঠে আসে । কলকাতা পুরসভা সেই বাড়িটিকে নিয়ে কী ব্যবস্থা নিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি । পাশাপাশি বিধাননগরে যে বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিষয়েও পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয় আদালতে । এই নিয়ে পুরসভার বক্তব্য, মানুষের প্রতিবাদের কারণে অবৈধ নির্মাণগুলি ভাঙা যাচ্ছেন না ।
যেভাবে জমির চরিত্র পাল্টে দিচ্ছেন তা দেখে আমরা বিস্মিত । একটা ৪০ বছরের পুকুর বুজিয়ে দিয়ে বাড়ি করে বলা হচ্ছে ক্ষতিপূরণ হিসাবে আরেকটি জলাশয় বানিয়ে দেওয়া হচ্ছে । এটা হয় ? একটা বড় জলাশয় বুজিয়ে ছোট্ট একটা জলাশয় বানালে কি ক্ষতিপূরণ হয় ? – প্রশ্ন প্রধান বিচারপতির।
প্রধান বিচারপতির মন্তব্য, ‘আইন – কানুন যাই থাকুক না কেন রাজ্যের সদিচ্ছা না থাকলে কিছুই হবে না। অস্ত্রপচার সফল, রোগী মৃত । নির্বাচিত জনপ্রতিনিধিদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন যে আমরা জানি না । তাহলে তো তাদের অবিলম্বে অপসারণ করা উচিত ।’
এই মামলায় আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্সের বৈধ অনুমোদন নেই এমন নির্মাণের ক্ষেত্রে কোন ব্যক্তিকে Sell Deed, Power Of Attorney দিতে পারবেন না বলে অন্তর্বর্তী নির্দেশে জানালেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । একই সঙ্গে নিহতের প্রত্যেককে ৫ লাখ এবং আহতদের ১.৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ।এলাকার কাউন্সিলর শামস ইকবাল এবং গ্রেফতার হওয়া প্রোমোটারকে মামলা সংক্রান্ত নোটিশ দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয় এদিন । এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ ই মে হওয়ার কথা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

