ভোটে অশান্তি এড়াতে পারল না কোচবিহার । দিনহাটায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর । ফলিমারিতে বুথের নিকটবর্তী রাস্তায় মিলল বোমা! নাটাবাড়িতে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বুথে ।
লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে । কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারকে দিয়ে শুরু হল রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণ । তবে এবারেও উত্তপ্ত হয়ে রইল শীতলকুচির ছোট শালবাড়ি । সেখানে উঠে আসে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষের ছবি । ২৮৬ নম্বর বুথে শুরু হয় উত্তেজনা । এমনকি ওঠে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগও ।
অন্যদিকে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার ভেটাগুরি অঞ্চলও । দিনহাটা ১ বি ব্লক সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত ব্লক সভাপতিকে দেখতে হাসপাতালে এলেন মন্ত্রী উদয়ন গুহ । হাসপাতাল থেকেই নির্বাচন কমিশন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী ।
নাটাবাড়ির বলরামপুরেও দেখা যায় উত্তেজনা । রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় ২৩৬ নম্বর বুথ এলাকায় । তৃণমূল-বিজেপি মধ্যে সংঘর্ষ বাঁধায় শুরু হয় উত্তেজনা । এদিন তৃণমূল-বিজেপি একে অপরের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ আনে ।
একই সঙ্গে জানা যায়, ফলিমারিতে উদ্ধার হয় বোমা! রাস্তার পাশে ৯টি বোমা পড়ে থাকতে দেখা যায় । সেই বোমা উদ্ধার করল কেন্দ্রীয় বাহিনী । ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

