দমদমে বিধ্বংসী আগুন! ভস্মীভূত বস্তি

শনিবার দমদমের ছাতাকল সংলগ্ন মেলাবাগান ঝুপড়িতে বিধ্বংসী আগুন লেগে যায় । ভয়াবহ আগুনে ঘন জনবসতিপূর্ণ এলাকায় ছড়াল ব্যাপক আতঙ্ক । ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন ।

এদিন জানা যায়, দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল মেলার মাঠ এলাকার একটি বিস্তীর্ণ ঝুপড়িতে শনিবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে । দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায় এদিন । আগুন নেভানোর কাজে হাত লাগান এলাকার বাসিন্দারাও । এই অগ্নিকাণ্ডের ফলে বস্তির সামনের অংশ কার্যত ভস্মীভূত হয়ে যায় । 

ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা চোখে পড়ে । দীর্ঘক্ষণ চেষ্টা চালানোর পর এদিন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । পাশের বাগজোলা খাল থেকে বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান স্থানীয়রাও । কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা । বস্তি এলাকায় দাহ্য পদার্থ থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে ।

জানা যায় এলাকায় প্লাস্টিকের স্তূপ জমা হয়ে ছিল । সেগুলিকে সরানো হয়, যাতে আগুন আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে না পারে । স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা কাজে বেরিয়েছিলেন । খবর পেয়ে ছুটে এসে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে ।

ওই বস্তিতে প্রায় ২ হাজারের বেশি ঘর ছিল বলে জানিয়েছেন তাঁরা । ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, সেই নিয়েও আশঙ্কা দেখা দেয় । তবে মানুষ না থাকলেও, ভিতরে গরু-বাছুর ছিল বলে জানা গিয়েছে । ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল বাহিনীর ইঞ্জিন প্রবেশের ক্ষেত্রেও বেগ পেতে হয় বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । 

এদিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু, সাংসদ সৌগত রায়, এলাকার বিধায়ক অদিতি মুন্সী । দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীও ক্ষতিগ্রস্ত ঝুপড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । বিজেপির তরফে এলাকায় আসেন শিলভদ্র দত্ত ।

আগুনের কবলে পড়ে ব্যাপক ক্ষতি হয় এলাকার বাসিন্দাদের । এই দুর্ঘটনায় তাঁরা কার্যত সর্বস্বান্ত । ক্ষতিগ্রস্ত ঝুপড়ির বাসিন্দাদের সাময়িকভাবে দমদমের নিকটবর্তী রবীন্দ্রভবনে থাকা, খাওয়া এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube