শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বিরাটিতে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে ইট ভেঙে পড়ে । বাড়িটির ইট মাথায় পড়ে এক স্থানীয় মহিলার । এই ঘটনার জেরে মৃত্যু হয় ৫৫ বছর বয়সী কেয়া শর্মা চৌধুরীর । এই ঘটনায় গ্রেফতার করা হয় ৬ জনকে ।
কয়েকদিন আগেই কলকাতা বন্দর এলাকার গার্ডেনরিচে এক নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে ১২ জন বাসিন্দার মর্মান্তিক মৃত্যু ঘটেছিল । ওই ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বিরাটিতে উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড অফিসের ঠিক উল্টো দিকেই একটি নির্মীয়মাণ বাড়ির ইট মাথায় পড়ে প্রাণ হারালেন কেয়া শর্মা চৌধুরী । তাঁর বয়স হয়েছিল ৫৫ ।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত আটটা নাগাদ উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎ বোস রোডের নিজের বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন কেয়া শর্মা চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা । ঠিক তখনই রাস্তার পাশে থাকা নির্মীয়মাণ পাঁচ তলা বিশিষ্ট একটি আবাসনের উপর থেকে ইট মাথায় পড়ে তাঁর । এই ঘটনায় গুরুতর জখম হন তিনি । তাঁর আর্ত চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন । রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
দুর্ঘটনার পরেই উত্তেজনায় ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । মৃতের স্বামী সুদীপ শর্মা চৌধুরী রাতেই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ সূত্রের খবর, গতকাল ১৮ জন লেবারকে আটক করা হয়েছিল । রবিবার ভোরবেলা ৬ জনকে গ্রেফতার করা হয় । তিনজন প্রোমোটার সাজীব সেন উরফে সাজু , সৌভিক মজুমদার, গৌতম দে, এক বিল্ডিং কন্ট্রাক্টর অজয় পাতিল, দুইজন লেবার কন্ট্রাক্টর এই ঘটনায় গ্রেফতার হন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

