নজরে বরানগর পুরসভার নিয়োগ পরীক্ষা, নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ পরিদর্শকদের

সম্প্রতি রাজ্যে একের পর এক দুর্নীতির খবর সামনে এসেছে। এর মধ্যে পুর নিয়োগ দুর্নীতি অন্যতম। মূলত, অয়ন শীলের সূত্র ধরে এই দুর্নীতির খবর সামনে আসে। অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন-এ তল্লাশি চালিয়ে এই দুর্নীতির হদিশ পান তদন্তকারীরা। আর এবার সিবিআই-এর স্ক্যানারে বরানগর পুরসভার নিয়োগ পরীক্ষার কারচুপি।

সূত্রের খবর, বরানগর পুরসভায় নিয়োগের জন্য ২০১৮ সালের অগাস্ট মাসে ২০টি সেন্টারে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষা কেন্দ্রে যারা পরিদর্শক ছিলেন এবার তাদেরকেই তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ অর্থাৎ বুধবার ওই পরিদর্শকদের নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে বলে সূত্রের খবর। বরানগর পুরসভার ক্লার্ক, পিয়ন, অ্যাম্বুল্যান্স অপারেটর সহ একাধিক পদে নিয়োগ হয়েছিল। এই নিয়োগের জন্য ২০১৮ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। অভিযোগ, এই নিয়োগের পরীক্ষা দিয়েছিল মূলত ভুয়ো পরীক্ষার্থীরাই। এমনকি প্রার্থী সংখ্যাতেও কারচুপি করা হয়েছিল। সেই সঙ্গে বেশিরভাগ পরীক্ষার্থীই সাদা খাতা জমা দিয়েছিলেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকদের তলব করা হল সিবিআইয়ের তরফে।

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত সিবিআইয়ের পর এবার ইডির স্ক্যানারে। কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবার ইডির তলব। আগামীকাল সকাল ১১ টায় ইডির কলকাতা দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্সে তলব বাপ্পাদিত্য দাশগুপ্তকে। প্রসঙ্গত গত বছরের নভেম্বর মাসে বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই। তারপরেও এই বছরের জানুয়ারি মাসে সিবিআই-এর আধিকারিকরা তাকে নিজাম প্যালেসের তলব করেছিলেন।

এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। নিয়োগ নথি বাজেয়াপ্ত হয়। বাপ্পাদিত্যকে একদফা তলব করে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, প্রায় ১০০ পাতার নথি তাঁর বাড়ি থেকে উদ্ধার করে সেই সময় নিয়ে যান তদন্তকারীরা। সঙ্গে নাকি উদ্ধার হয় সুপারিশপত্র, অ্যাডমিট কার্ডও। এমনকি পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। তবে এই প্রথমবার বাপ্পাদিত্যকে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার সেই মামলাতেই তলব করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ এই তৃণমূল কাউন্সিলরকে। আগামিকাল তাঁকে নিজের আয়কর রির্টান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ও আরও কিছু নথি নিয়ে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube