দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে টিউবওয়েলের জল নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় অশান্তি । মারামারির ঘটনায় লাগল রাজনীতির রঙও । ঘটনায় আক্রান্ত হয়েছেন দুই পক্ষের অন্তত পাঁচজন । রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চুনাখালি এলাকায় । এই ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানিয় সূত্রের দাবি, এদিন বিকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী খোকন মাইতি । সেই সময় প্রতিবেশী দীপঙ্কর মাইতি, স্বপন মাইতি, বিশ্বজিৎ মাইতি রাস্তার সরকারি টিউবওয়েলে স্নান করছিলেন । এতে জল অপচয় হচ্ছিল বলে অভিযোগ করেন খোকন । তখনই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ তোলেন খোকন । তাঁর অভিযোগ তাঁকে রড, লাঠি দিয়ে মারধর করা হয়েছে ।
ঘটনায় গুরুতর জখম খোকনকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসন্তী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন খোকন । অন্যদিকে অভিযুক্তদের দাবি, তাঁরা বিজেপি দল করেন বলে তাঁদের উপর হামলা চালানো হয়েছে । ঘটনায় তাঁদেরও তিনজন জখম হয়েছে । এ বিষয়ে রবিবার সন্ধ্যায় দু’পক্ষই বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

