গত বছর হাতির আক্রমণে জলপাইগুড়ির মহারাজঘাট এলাকায় অর্জুন দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল । এই মর্মান্তিক ঘটনার জেরে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় । নতুন করে ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য রাজ্যের জঙ্গলমহল থেকে বক্সা বনাঞ্চল পর্যন্ত জঙ্গল লাগোয়া ও ঘন বসতি এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য ৪০০ টি ড্রপ গেট ( বনাঞ্চলের যে রাস্তা দিয়ে চলাচল ঝুঁকিপ্রবন, সেগুলি বন্ধ করা হয়েছে ব্যারিকেড করে) তৈরি করেছে বনদফতর ।
প্রচন্ড কুয়াশার কারণে অত্যাধুনিক লাইট নিয়ে বনকর্মীরা পরীক্ষার্থীদের জঙ্গল সংলগ্ন এলাকা থেকে পিক আপ করে গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসবেন বলে জানা যাচ্ছে । পরবর্তীতে পরীক্ষা শেষে তাঁদের নিরাপদে বাড়িও পৌছে দেবেন তাঁরা ।
একই সঙ্গে ব্যবস্থা করা হচ্ছে কিছু গাড়ির , যাতে পরীক্ষার্থীদের গাড়ি দিয়ে “এসকর্ট” করা যায় । জঙ্গলপথে বন্যপ্রাণীদের করিডরগুলোকে স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচনা করে বনকর্মীরা পড়ুয়াদেরকে গাড়ি দিয়েও এসকর্ট করবে বলে জানায় বন দফতর । তার সঙ্গে দুর্ঘটনা এড়াতে জঙ্গলপথে “শর্টকাট” রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে খবর ।
গত বছরই জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া মহারাজঘাটে হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয় । তারপরই এই যাবতীয় ব্যবস্থাপনা । জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ ভি জানান, “বনাঞ্চল সংলগ্ন এলাকায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসন ও বন দফতররের গাড়ি থাকবে; বন দফতর এসকর্ট করবে । যাতে বন্যপ্রাণীদের কারণে কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে” । এদিকে জেলার বিভিন্ন প্রান্তে হাতির উপদ্রব চলছে ।পরীক্ষার আগে পরীক্ষার্থীদের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন । এই অবস্থায় প্রশাসন ও দফতররের সহযোগিতাই প্রধান ভরসা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

