কার্যত ৫ই জানুয়ারি থেকে নিখোঁজ উত্তর ২৪ পরগণার তৃণমূল নেতা শেখ শাহজাহান । সন্দেশখালিতে তাঁর বাড়িতে ইডি তল্লাশির দিন হামলা হয় ইডি আধিকারিকদের উপর । সেই ঘটনার পর পুলিশ খুঁজে চলেছে শেখ শাহজাহানকে । প্রায় ২১দিন নিখোঁজ তিনি । এরই মাঝে সামাজিক মাধ্যমে নিজের ‘অস্তিত্ব’ জানান দিলেন শাহজাহান !
সাধারণতন্ত্র দিবসের দিন সকালে নিজের ফেসবুক পেজের কভার ফটো বদলে একপ্রকার চমক দিলেন নিখোঁজ শাহজাহান । যদিও এই পেজের সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা । যা ইতিমধ্যে তদন্তকারীদের আতশকাচের নীচে চলে এসেছে। ওই পেজ কারা পরিচালনা করেন, আইপি অ্যাড্রেস ধরে তা খতিয়ে দেখা হচ্ছে। ফেসবুকের সূত্র ধরে নিখোঁজ নেতার কাছে পৌঁছনো যায় কি না, দেখছেন তদন্তকারীরা।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষেই ছবিটি পোস্ট করা হয়েছে তা স্পষ্টই দেখা যাচ্ছে। দেশের জাতীয় পতাকার ছবি ছাড়া আর কিছুই নেই তাতে। কোনও কথাও লেখা হয়নি ছবিটির সঙ্গে। যে পেজ থেকে এই পোস্ট করা হয়েছে, তাতে শাহজাহানের নামের পাশে নীল চিহ্ন না থাকলেও শুরুতেই স্পষ্ট লেখা আছে, এটি তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা কর্মাধ্যক্ষ শাহজাহান শেখের অফিসিয়াল ফেসবুক পেজ। পেজটির বাকি পোস্টও শাহজাহানকেন্দ্রিক। বিভিন্ন জনসভায় শাহজাহানের বক্তব্যের ভিডিয়ো ওই পেজ থেকে এর আগে পোস্ট করা হয়েছে। পেজটিতে তাঁর ২৩ হাজার অনুগামী (ফলোয়ার) রয়েছেন।
এই পোস্টের আগের পোস্টটি করা হয়েছিল ২রা জানুয়ারি । সেই পোস্টে শুভেন্দু অধিকারীকে নিশানা করতে দেখা যাচ্ছে শাহজাহানকে । তারপর থেকে দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল ফেসবুক পেজটি । সাধারণতন্ত্র দিবসের দিন হঠাৎই ফেসবুকে ‘উদয়’ হলেন শেখ শাহজাহান ,
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক নেতা-মন্ত্রী-কর্তাদের সামাজিক মাধ্যম পরিচালনা করার জন্য কর্মী নিযুক্ত থাকেন । তারাই ‘আপডেট’ করতে থাকেন পেজ গুলি । কিন্তু তাও তো অনুমতি ছাড়া তা সম্ভব নয় । প্রশ্ন উঠছে এখানেই! যদি তেমন কোনও কর্মী নিযুক্তও থাকেন তাহলেও শাহজাহানের অনুমতি ছাড়া সেই পেজে পোস্ট করতে পারবেন না কেউ । তবে কী শাহজাহানের অনুমতি নিয়েই এই কাজ? উত্তর খুজছে তদন্তকারীরা ।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি মন্তব্য করেন তিনি জানেন শাহজাহান বর্তমানে রাজ্যের বাইরে আছে, চিকিৎসা করাতে । অনেকের আবার ধারনা শাহজাহান সন্দেশখালির আশপাশেই কোথাও আছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

