প্রজাতন্ত্র দিবসের আগেই বড় ঘোষণা করে কেন্দ্র, বাংলা থেকে কারা পাচ্ছেন ‘পদ্ম’ সম্মান?

২০২৪ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। প্রাপকদের তালিকায় রয়েছেন একাধিক বাঙালি। বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই ২০২৪ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে ৷ এবছরে পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় নাম রয়েছে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তীর । পদ্মভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন। গায়িকা উষা উত্থুপকেও পদ্মভূষণ দেওয়া হচ্ছে।

পুরুলিয়ার দুখু মাজিকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। আদিবাসী পরিবেশকর্মী দুখু পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের বাসিন্দা। তিনি সাইকেলে ঘুরে ঘুরে গাছ লাগিয়ে বেড়ান। রুক্ষ মাটিতে গাছ পুঁতে সেই মাটি করে তোলেন উর্বর। ‘গাছ দাদু’ নামেও তাঁকে চেনেন অনেকে।

বীরভূমের ভাদু শিল্পী রতন কাহারও পদ্মশ্রী পেয়েছেন। এ ছাড়াও তালিকায় আছেন কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল। রয়েছেন পুরুলিয়ার নেপালচন্দ্র সূত্রধর, তিনি ছৌ নাচের মুখোশ তৈরি করতেন। ২০২৩ সালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হবে। বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পদ্মশ্রী পেয়েছেন একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী। শিল্পে পদ্মশ্রী প্রাপকের নাম তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মণ।

এ বছর মোট ১১০ জন কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই আদিবাসী কিংবা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। ২০২৪ সালের লোকসভা নির্বাচন আসন্ন। বিরোধীরা কেউ কেউ বলছেন, সেই নির্বাচনে প্রান্তিক শ্রেণির ভোটব্যাঙ্ককে মাথায় রেখে পদ্ম সম্মান প্রদান করেছে কেন্দ্র।

এ বারের পদ্ম সম্মান প্রাপকের তালিকায় রয়েছেন দেশের প্রথম মহিলা মাহুত অসমের পার্বতী বড়ুয়া। ছত্তীসগঢ়ের জশপুরের আদিবাসী উন্নয়নকর্মী জগেশ্বর যাদবও পদ্মশ্রী পেয়েছেন। আদিবাসী পরিবেশবিদ এবং নারী উন্নয়নকর্মী চামি মুর্মুকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা।

তালিকায় রয়েছেন হরিয়ানার দিব্যাঙ্গ সমাজকর্মী গুরবিন্দ্র সিংহ কেরলের কাসরগোড়ের কৃষক সত্যনারায়ণ বেলেরি, মিজ়োরামের আইজ়লের সমাজকর্মী সংথানকিমা। ছত্তীসগঢ়ের নারায়ণপুরের প্রাচীন ওষধি চিকিৎসক হেমচাঁদ মাঞ্জিকেও পদ্মশ্রী দেওয়া হয়েছে।

পদ্মশ্রী প্রাপকের তালিকায় আছেন দক্ষিণ আন্দামানের জৈব কৃষক কে চেল্লাম্মাল, অরুণাচল প্রদেশের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ ইয়ানুং জামো লেগো, মাইসুরুর আদিবাসী উন্নয়নকর্মী সোমান্না, অসমের আদিবাসী কৃষক সর্বেশ্বর বসুমাতারি, বিশিষ্ট শল্য চিকিৎসক প্রেমা ধনরাজ, ক্রীড়াবিদ উদয় বিশ্বনাথ দেশপান্ডে, মাইক্রোবায়োলজিস্ট ইয়াজ়দি মানেক্সা ইটালিয়া।

এ ছাড়াও আছেন শিল্পী দম্পতি শান্তিদেবী পাসওয়ান, শিবান পাসওয়ান, পট শিল্পী অশোক কুমার বিশ্বাস, নৃত্যশিল্পী বালকৃষ্ণান সদানম পুথিয়া ভিটিল, সংস্কৃত আবৃত্তি শিল্পী উমা মহেশ্বরী ডি, ওড়িশার কৃষ্ণলীলা গায়ক গোপীনাথ সোয়াইন।

ত্রিপুরার শাল তাঁতি স্মৃতিরেখা চাকমা, ওমপ্রকাশ শর্মা, কুন্নুরের লোকশিল্পী নারায়ণ ইপি, ওড়িশার লোকশিল্পী ভগবত প্রধান, কোয়েমবত্তূরের লোকশিল্পী বদ্রপ্পান এম, বাঁশ শিল্পী জর্ডন লেপচা, মণিপুরের মচিহান সাসা, তেলঙ্গানার গড্ডাম সাম্মাইয়া, রাজস্থানের বহুরূপী শিল্পী জানকীলাল, তেলঙ্গানার দসরি কোন্ডাপ্পা এবং বাবুরাম যাদবও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন।

প্রতিবারই দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের পদ্ম সম্মানে ভূষিত করে কেন্দ্র। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। বৃহস্পতিবার চলতি বছরের প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube