রাজ্যে একের পর এক দুর্নীতি তদন্তে তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে পুর নিয়োগ দুর্নীতি, উঠে এসেছে রাজ্যের একের পর এক নেতা মন্ত্রী কর্তার নাম । এবার সুজিত বোসের বাড়িতে ইডি হানা । পুর নিয়োগ মামলার তদন্তে নেমে একটি নথিতেই পাওয়া গিয়েছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে এমনই জানা গিয়েছে। এর আগে নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার হন অয়ন শীল। ইডি সূত্রের খবর, অয়নের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা যে নথি বাজেয়াপ্ত করেন, তাতেই পাওয়া যায় সুজিতের নাম।
ইডি সূত্রে খবর, তাদের জেরায় অয়ন শীল আগেই জানিয়েছেন, পুর নিয়োগে দুর্নীতি ২০১৪-’১৫ সাল থেকে শুরু হয়েছিল। ঘটনাচক্রে, ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। ওই সময়ের মধ্যে কমবেশি ৬০টি পুরসভায় কর্মী নিয়োগের কাজের বরাত অয়নের সংস্থা ‘এবিএস ইনফোজ়োন’ পেয়েছিল বলে ইডি আধিকারিকদের জানান অয়ন। সেই সময় এক একটি পুরসভায় প্রায় ১০০ জন করে নিয়োগ করা হয়েছিল। তদন্তকারী সংস্থা মনে করছে, সেই হিসাবে ৬,০০০ নিয়োগ হয়েছিল অয়নের সংস্থার মাধ্যমে। তার মধ্যে প্রায় ৫,০০০ নিয়োগের ফলাফল ‘বিকৃত’ করা হয়েছিল বলেও মনে করছেন ইডি কর্তারা।
ইডি সূত্রে জানা যাচ্ছে, নথিতে ‘SB’ সাঙ্কেতিক নামে সুজিতের পরিচয় দেওয়া হয়। সুজিতের নাম এবং পদবির আদ্যক্ষর মিলিয়ে তৈরি হয়েছিল সাঙ্কেতিক নাম ‘SB’। রাজ্যের আরও এক বিধায়কের নামও রয়েছে ওই নথিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই নথিতে পুরসভার বিভিন্ন পদে বিভিন্ন জনকে চাকরি দেওয়ার জন্য নাম সুপারিশ করেন সুজিত। সুজিত, রাজ্যের আর এক বিধায়ক এবং বেশ কয়েক জন পুরসভার পুরপ্রধানের সুপারিশক্রমেই মেডিক্যাল অফিসার, মজদুর, ওয়ার্ড মাস্টার, করণিক, গাড়িচালক ইত্যাদি পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল বলে জানান অয়ন।
১২ই জানুয়ারি বিবেকানন্দের জন্মতিথিতেই সাত সকালে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছয় ইডির আধিকারিকরা । এছাড়াও উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডি হানা। বি বি গাঙ্গুলি স্ট্রিট এ তাপস রায়ের বাড়িতেও ইডি অধিকর্তাদের তল্লাশি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

