আলাদা ভাবে বসিয়ে কলেজ সার্ভিস কমিশনের দুই SET পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ। রবিবার দুপুরে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে ।
পরীক্ষা দেওয়ার সেই চিত্র ফেসবুকে লাইভ করেছেন ফরাক্কা কলেজেরই এক অধ্যাপক । এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠেছে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে । যদিও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলেই সাফাই দিয়েছেন ফরাক্কা কলেজের প্রিন্সিপাল । জানা গিয়েছে, রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজেও চলছিল কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা । অভিযোগ, সেই সেট পরীক্ষায় আসা দুই ছাত্রকে আলাদা করে বসিয়ে এবং মোবাইল সহ যাবতীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছিল কলেজ কর্তৃপক্ষ ।
বিষয়টি নজরে আসতেই ফরাক্কা নুরুল হাসান কলেজের অধ্যাপক সৃজয় মন্ডল ফেসবুকে লাইভ ভিডিও শুরু করেন । তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । লাইভ চলাকালীনই ওই অধ্যাপকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও । যদিও ভিডিওর অভিযোগের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ।
এদিকে সামাজিক মাধ্যমে সেট পরীক্ষার এহেন কর্মকান্ড ফাঁস হতেই কার্যত হইচইয়ের সৃষ্টি হয় । পুরো ঘটনার তদন্ত করার দাবিতে সরব হয়েছেন পরীক্ষা দিতে আসা অন্যান্য ছাত্রছাত্রী এবং অভিভাবকরা । এদিকে প্রিন্সিপালের বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ উঠলেও এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলেই দাবি করেছেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর ক্যাপ্টেন শিবাশীষ ব্যানার্জি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

