শনিবার রাজস্থানের বিধানসভার ভাগ্য নির্ধারণ। রাজ্যের ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শ্রীগঙ্গানগর জেলার করণপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে সেই কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
‘রাজ’ বদলাবে না কি ‘রেওয়াজ’? আজ সেই প্রশ্নের ই উত্তর দেবেন রাজস্থানের জনতা। গত ৩৮ বছরের ধারাবাহিকতা অনুসরণ করে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলের রেওয়াজ বজায় রয়েছে রাজস্থানে। এ বার কি একদা জাদুকর অশোক গহলৌতের ছোঁয়ায় ৩৮ বছরের রেওয়াজ ভাঙবে রাজস্থান? তেমনটা হলে লোকসভা নির্বাচনের আগে দুশ্চিন্তা বাড়াবে নরেন্দ্র মোদী-অমিত শাহদের। আর না-হলে সেমিফাইনালে ধাক্কা খাবেন রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গেরা।
২০০ আসনের রাজস্থান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ১০১। কয়েকটি জনমত সমীক্ষা বলছে, পাঁচ বছর অন্তর সরকার বদলের প্রথা মেনেই এ বার কংগ্রেসকে হারিয়ে জয়পুরের কুর্সি দখল করতে পারে বিজেপি। যদিও মরুরাজ্যে বরাবরই প্রায় এক-চতুর্থাংশ আসনে জয়-পরাজয় নির্ধারিত হয় কম ভোটের ব্যবধানে। তেমন হলে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে নির্ণায়ক হয়ে উঠতে পারে নির্দল এবং ছোট দলগুলির ভূমিকা।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত কংগ্রেস এবং বিজেপি। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছে বিএসপি, আপ। কংগ্রেস সরকারের বিরুদ্ধে এ বার বিজেপি তাদের প্রচারে জোর দিয়েছে গত কয়েক বছরে ক্রমবর্ধমান হিংসা এবং অপরাধের ঘটনার উপর। গহলৌত সরকারের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন সরকারি কাজে দুর্নীতির ঢালাও প্রচার হয়েছে। অন্য দিকে, গত বারের সরকারের সাফল্যকে খতিয়ান করে প্রচার করেছে কংগ্রেস। আবার ক্ষমতায় এলে ২৫ লক্ষ টাকার চিকিৎসা বিমা, উজ্জ্বলা প্রকল্পে সুবিধাপ্রাপ্তদের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০০ টাকার মধ্যে রাখা, মহিলাদের জন্য বিনামূল্যে স্মার্টফোন ও বঙ্গের লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। বাজিমাত করবে কোন পক্ষ তা জানা যাবে আগামি ৩রা ডিসেম্বর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

