এক সময় কামান দেগে পুজোর সূচনা হত গোবরডাঙার জমিদার বাড়িতে । আজ নেই সেই চাকচিক্য , হারিয়ে গিয়েছে জৌলুস । অনেকদিন আগেই চলে গিয়েছে জমিদারি । বেশকিছু নিয়ম-নীতিরও পরিবর্তন করা হয়েছে ।
তবুও পুরনো ঐতিহ্য মেনে এখনও ঠাকুর দালানে এক চালার প্রতিমায় পুজো হয়ে আসছে উত্তর ২৪ পরগনার অন্যতম প্রাচীন শহর গোবরডাঙার জমিদার বাড়ির দুর্গাপুজো । এবছর এই পূজা ৩১২ বছরে পরল। ষষ্ঠীতে ও সন্ধিপুজো শুরু করার আগে কামান দাগা হত। আশেপাশের মানুষকে জানান দেওয়া হতো পুজো শুরু হচ্ছে। একটা সময় এই পুজোতে মাকে উৎসর্গ করে ১৩ টা পাঠা, ২ টো ভেড়া বলি দেওয়া হত । তবে ১৯৯৭ সালের পর সেই বলি প্রথাও উঠে গিয়েছে । এখন মধু ও চিনি ভোগ দেওয়া হয় মাকে।

পুজো উপলক্ষে আসতেন রাজ্যের বড় বড় সংগীতকার ও সংগীত বাদকেরা । নিয়ম করে বসত ক্লাসিকাল মিউজিকের আসর। এক সময় পুজোর ক’টা দিন আত্মীয়-স্বজন এবং বিখ্যাত লোকেরা আসতেন এই জমিদার বাড়ির পুজোতে। বহু মানুষকে ভোগ খাওয়ানো হত। তবে এখন তা যেন অতীতের স্মৃতি ছাড়া আর কিছুই নয় । সেই আড়ম্বরও আর নেই।
তবে এখন এলাকার কিছু মানুষ ও জমিদার বাড়ি সদস্যরাই পুজোয় উপস্থিত থাকেন। জমিদার বাড়ির সামনে থেকে বয়ে গিয়েছে যমুনা নদী, নিয়ম করে দশমির পুজোর পর জোড়া নৌকো বেঁধে প্রতিমা নিয়ে গিয়ে নৌকার মধ্যেই চলতো গান-বাজনা ও পরে প্রতিমা বিসর্জন দেওয়া হতো । কথিত আছে জমিদারদের বাড়ির প্রতিমা বিসর্জনের পর এলাকার অন্যান্য প্রতিমা বিসর্জন হত । তবে সেই রীতি আজ আর কেউ অনুসরণ করেন না । তবে পুরনো ঐতিহ্য ধরে রেখে ঐতিহ্যবাহী গোবরডাঙ্গার জমিদার বাড়ির দুর্গাপুজো আজও একই ভাবে হয়ে আসছে । তবে করোনা কালে দু’বছর মূর্তিপূজো বন্ধ ছিল । সে সময় জমিদারদের বাড়ির কালীমন্দিরে ঘটে নিয়ম করে দুর্গাপুজোর আচার অনুষ্ঠান পালন করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

