।। স্বর্ণালী মান্না ।
হিমাচলের শিমলায় প্রবল বৃষ্টিতে ধসে যায় শিব মন্দির । সোমবার সকালে শিমলার সামার হিলে মন্দিরে ধসের জেরে মৃত্যু হয়েছে অন্তত পক্ষে ৯ জন পুণ্যার্থীদের । জানা যাচ্ছে প্রবল বৃষ্টির জেরে হঠাৎই ধসে যায় ওই শিবমন্দিরের একাংশ । সেই অঘটনের জেরে অনেক পুণ্যার্থীদের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে বলেই খবর ।
আজ শ্রাবণ মাসের শেষ সোমবার । সেই সুত্রে শিমলার সামার হিলের শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে মন্দির চত্বরে দেখা যায় ভক্তের ভিড় । অন্যদিকে, গত দু’দিন ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে হিমাচল প্রদেশে । এক নাগাড়ে হওয়া বৃষ্টির জেরে ধসের খবর উঠে আসছে হিমাচলের নানা প্রান্ত থেকে । সুত্রের মারফত জানা যাচ্ছে, সোমবার মন্দিরের এই ধসের জেরে উপস্থিত অনেক পুণ্যার্থীই এদিন কংক্রিটের নীচে চাপা পড়ে যান ।
এই অঘটনের ফলে মৃত্যু হয় কিছু পুণ্যার্থীদের এবং আহতও হয়েছেন বেশ কিছু জন । তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, কমপক্ষে ১২ জন দর্শনার্থী এখনও আটকে রয়েছেন মন্দিরের ধ্বংসস্তূপের নীচে । প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে ।পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলার একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ।
দুর্ঘটনার খবর জানিয়ে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু একটি ট্যুইট করে জানিয়েছেন, শিমলার সামার হিলে মন্দিরের দুর্ঘটনায় ৯টি মৃতদেহ উদ্ধার করা গেলেও এখনও পর্যন্ত অনেকেই আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নীচে; তবে ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে । পাশাপাশি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী দ্রুত ঘটনাস্থলে পৌঁছবেন ।
একই সঙ্গে জানা যাচ্ছে, হিমাচল প্রদেশে গত দু’দিন ধরে প্রবল বৃষ্টি চলছে । এর ফলে, বেড়ে গিয়েছে বিপাশা নদীর জলস্তর । প্রবল বর্ষণে একাধিক জায়গায় নেমেছে ধস । বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু রাস্তা; এমনকি বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিও । অন্যদিকে সোলানের জাডোন গ্রামে এই লাগাতার বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে অন্তত ৭ জন ব্যক্তির । তবে আবহাওয়া দফতর সুত্রে জানা যাচ্ছে, আগামী ১৭ আগস্ট পর্যন্ত বজ্রপাত সহ এই প্রবল বৃষ্টি চলতে থাকবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

