মগরাহাট : খুন করা হল তৃণমূলের জয়ী প্রার্থীকে । একই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন আরও ১ ব্যক্তি । শুক্রবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুর এলাকায় । নিহত হয়েছেন তৃণমূলের জয়ী প্রার্থী মৈমুর ঘরামি ও গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শাজাহান মোল্লা ।
জানা যায়, শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূলের জয়ী প্রার্থী ঘরামি । বাড়ি ফেরার পথে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে গুলি করে এলোপাথাড়ি কোপায় । তখনই তাকে বাঁচাতে আসেন প্রতিবেশী শাজাহান মোল্লা তাকেও দুষ্কৃতীরা গুলি করে ।
এরপর এই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা । পরে আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে এলে সেখানেই চিকিৎসকেরা মৈমূর ঘরামিকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শাজাহান মোল্লা ।
ঘটনার পর রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে আসেন এসডিপিও মিতুন দে । তিনি জানান, মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন মৈমুর ঘরামি । এলাকায় বেশ কিছু দুষ্কৃতীদের সাথে তার মত পার্থক্য হওয়ায় তারা হামলা চালিয়েছে, এমনটাই প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানা যায় । তবে খুনের ঘটনার পেছনে রাজনৈতিক কোন কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।
অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে মগরাহাট থানার পুলিশ । খুনের ঘটনার পর থেকে থমথমে হয়ে রয়েছে মগরাহাট পূর্বর অর্জুনপুর এলাকা । এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

