ডায়মন্ড হারবার, দক্ষিন ২৪ পরগনাঃ বর্ষার মরশুম শুরু হয়েছে কয়েকদিন আগেই । কিন্তু সেভাবে ইলিশ ধরা পড়ছিল না । তবে এবার প্রচুর পরিমানে ইলিশ ধরা পড়তে শুরু করেছে । ইতিমধ্যেই গত শুক্রবার থেকে ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজারে আসতে শুরু করেছে টন টন ইলিশ । আর ইলিশের মাপও যথেষ্টই বড় । মৎস্যজীবী ও আড়তদাঁড়দের দাবি এরকম চলতে থাকলে দ্রুত ইলিশের দাম অনেকটাই কমে যাবে । ফলে সাধারণ মানুষ এই বর্ষায় কব্জি ডুবিয়ে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ বা ইলিশের অন্যান্য পদের স্বাদ আস্বাদন করতে পারবেন ।
গত দু’দিনে ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজারে প্রায় ৮০ টন ইলিশ ঢুকেছে বলে জানা গিয়েছে । গত কয়েকবছরের তুলনায় এই প্রথম বড় মাপের ইলিশ মাছ ধরা পড়তে শুরু করেছে মৎস্যজীবীদের জালে । দু’মাস গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর গত এক মাস মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেও সেভাবে জালে ইলিশের দেখা মেলেনি । ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছিল মৎস্যজীবী থেকে আড়ৎদার সকলকেই । তবে এবার জালে ইলিশ পড়ায় আশার আলো দেখছেন তারা ।
ইলিশ ধরা পড়লেও এই মুহূর্তে দাম খুব একটা যে কমবে না তাও জানান আড়ৎদারেরা । ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার ইলিশ পাইকারি দর চলছে কেজি প্রতি ৭০০ টাকা যা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে । তবে এভাবে ইলিশ ধরা পড়তে থাকলে এই দাম শীঘ্রই ৩০০ থেকে ৪০০ টাকা কেজিতে নেমে আসতে পারে বলেই দাবি তাঁদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

