এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে । চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। ভাঙচুরের চেষ্টাও চলে হাসপাতালে। ঘটনার খবর পেয়ে দ্রুত ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিং থানার দুমকি এলাকার বাসিন্দা অনিমা বিশ্বাস বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এদিন দুপুরে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্মও দেন তিনি। অস্ত্রপচারের পর তিনি সুস্থই ছিলেন বলে পরিবারের দাবি। কিন্তু এদিন রাত্রি এগারোটা নাগাদ অনিমার মৃত্যু হয় বলে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয় পরিবারকে। এরপরেই মৃতার পরিবার পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন। সুস্থ রোগী কিভাবে মারা গেল সেই প্রশ্ন তুলে তাঁরা হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখান। চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা।
উত্তেজিত হয়ে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদেরকে মারধর করে হাসপাতালের ভিতরে ঢোকার চেষ্টা করেন, ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। সামান্য ভাঙচুরও হয় হাসপাতালে। পরে ক্যানিং থানার পুলিশ এসে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি সামাল দেয়। মৃতদেহ শেষ পর্যন্ত রাতেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে সদ্যজাত শিশুটির চিকিৎসা চলছে মাতৃমায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

