কয়েক বছর পর অবশেষে শওকত মোল্লাকে সামনে রেখে পাওয়ার গ্রিড এলাকায় সভা করল তৃণমূল কংগ্রেস । এবং সেই সভায় শুধু জমি কমিটি নয় একই সাথে আইএসএফ থেকেও বেশ কিছু কর্মী সমর্থক যোগদান করেন । যার ফলে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ভাঙড়ে তৃণমূলের পায়ের নিচে জমি শক্ত হল বলে মত রাজনৈতিক মহলের ।
শনিবার বিকেলে পাওয়ার গ্রিড এলাকার শ্যামনগর মোড়ে কর্মী সভার আয়োজন করে তৃণমূল । এদিন ওই কর্মীসভায় সওকাত মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন ভাঙড়ের আহ্বায়ক আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম, খয়রুল ইসলাম, ওদুত মোল্লা সহ ভাঙড়ের প্রথম সারির তৃণমূল নেতৃত্ব ।
জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাপটে দীর্ঘদিন ধরে শাসক দল পাওয়ার গ্রিড এলাকায় তাঁদের দলীয় কর্মসূচি পালন করতে পারেনি । শুধু তাই নয় পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার পরেও জমি কমিটির বাধায় পঞ্চায়েত অফিসে ঢুকতে পারেন না প্রধান, উপপ্রধান সহ বাকি সদস্যরা । এদিন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভাঙড়ের সমস্ত তৃণমূল নেতৃত্ব এক মঞ্চে শামিল হয়ে এই কর্মসূচি পালন করেন ।
সওকাত মোল্লা বলেন, আইএসএফ বা জমি কমিটির সঙ্গে থাকলে কোন উন্নয়ন হবে না, এলাকায় শান্তি ফিরবে না । সে কারণেই সাধারণ মানুষ আমাদের দিকে ফিরছে । পাশাপাশি তিনি আরো জানান সারা ভাঙড় জুড়ে এই যোগদান কর্মসূচি চলবে । এর পাশাপাশি, তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, এলাকায় পাওয়ার গ্রীড, হসপিটাল, কোল্ড স্টোর সহ একাধিক জায়গা থেকে কোটি কোটি টাকা তছরুপ করেছে । এলাকায় সাধারণ মানুষ এসব বুঝেছে । তাঁরা সকলেই আমাদের দলে চলে আসবে ।
অভিযোগ উড়িয়ে দিয়ে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, দুর্নীতির অভিযোগে মিন্টু বিশ্বাস, আবু তালেব বিশ্বাসদের আমরা এক বছর আগে দল থেকে বের করে দিয়েছিলাম । এর আগেও ওরা তৃণমূলে যোগদান করেছিল বলে দেখান হয়েছিল । মানুষকে ভুল বোঝাতে আবারও তাদেরকে তৃণমূলে যোগদান করান হচ্ছে বলে দেখানো হয়েছে ।
অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, সওকাত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপর নেতৃত্বের কাছ থেকে । বাহবা পাওয়ার জন্য, এসব নাটক ছাড়া আর কিছু নয় । কয়েকজন যারা এসেছে তাঁদের ভয় দেখিয়ে নিয়ে আসা হয়েছে বলেও দাবি করেন নওশাদ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

