বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে দিল্লিতে নিয়ে যাওয়ায় গ্রেফতার অভিযুক্ত

জয়নগর: জয়নগর থানার পুলিশের তৎপরতায় নিউ দিল্লি থেকে উদ্ধার হল এক নিখোঁজ নাবালিকা । তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হল হরিয়ানার এক যুবককে ।

গত ৩ রা এপ্রিল জয়নগর থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামের এক ব্যক্তি জয়নগর থানায় এসে তার নাবালিকা মেয়ে নিখোঁজের অভিযোগ করেন । নিখোঁজ নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার এস আই তন্ময় দাস ঘটনার তদন্ত শুরু করেন ।

তদন্ত নেমে তন্ময় বাবু জানতে পারেন, ঐ নাবালিকাকে কোন এক যুবক নিউ দিল্লিতে নিয়ে গিয়েছে । এরপর জয়নগর থানার এস আই তন্ময় দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গত ১৯শে এপ্রিল নিউ দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয় । সেখানে হরিয়ানা পুলিশ এবং দিল্লি মিশন মুক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় একটি বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয় ।

তাকে জেরা করে হরিয়ানার পানিপথ জেলা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবক মদন কুমার হরিয়ানার পানিপথ জেলার  বাসিন্দা । জয়নগর থানার গোবিন্দপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে বেড়াতে এসে ওই নাবালিকার সাথে পরিচয় হয় তার । অল্প দিনেই তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার বাড়ির লোকের চোখকে ফাঁকি দিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে নিউ দিল্লিতে নিয়ে যায় ।

এরপর নিউ দিল্লির একটি ঘর ভাড়া করে ওই নাবালিকাকে রাখে । পুলিশ প্রথমে নিউ দিল্লি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে তার জবানবন্দি রেকর্ড করে । তার সাথে কথা বলে জানতে পারে মদন কুমার নামে এক যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিউ দিল্লির একটি ঘরে রেখেছিল । মেয়েটির তথ্যের উপর গুরুত্ব দিয়ে তদন্তকারী পুলিশ অফিসাররা মদন কুমারকে হরিয়ানার পানিপথ জেলায় তার নিজের বাড়ি থেকে ২৪শে এপ্রিল গভীর রাতে গ্রেফতার করে । এরপর তাকে স্থানীয় আদালতে পেশ করে এবং তিনদিনের ট্রানজিট রিমান্ড নেয় ।

মঙ্গলবার সকালে অভিযুক্ত যুবক সহ নিখোঁজ নাবালিকাকে নিয়ে জয়নগরের এস আই তন্ময় দাস সহ পুলিশের ওই বিশেষ দল জয়নগরে পৌঁছায় । তদন্তকারী অফিসার অভিযুক্ত যুবককে জেরা করে জানার চেষ্টা করছে কি কারণে ওই নাবালিকাকে সে দিল্লিতে নিয়ে গেছিল । মঙ্গলবার অভিযুক্ত যুবককে বারইপুর আদালতে তোলা হয় । পাশাপাশি উদ্ধারকৃত নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube