সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে ঈদের খুশিতে মাতোয়ারা পুরুলিয়া । করোনা অতিমারির কারণে সে অর্থে মুসলিম সম্প্রদায়ের মানুষজন বিগত দুই বছর ঈদের উৎসব পালন করতে পারেননি । এবছর নেই করোনা অতিমারির ভয়, নেই সামাজিক দুরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা কিম্বা জমায়েতে বিধি নিষেধ । তাই খুশির আমেজটা পুরোপুরি উপভোগ করতে চাইছেন তারা ।
এদিন সকাল থেকেই জেলা শহর ছাড়াও ঝালদা, রঘুনাথপুর, সহ জেলার বিভিন্ন প্রান্তে মসজিদে মসজিদে নামাজ পড়ার ভিড় দেখা যায় । তার পরেই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর্ব চলতে থাকে । সব মিলিয়ে আজকের এই খুশির দিনে ঈদ উৎসবে মাতোয়ারা জেলার মানুষ । মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের সাথে যুক্ত হয়েছে অন্যান্য সম্প্রদায়ের মানুষজনও ।
ঈদের উৎসব পালন করতে পিছিয়ে নেই বাঁকুড়া জেলাও । গোটা বাঁকুড়া জেলা জুড়ে ঈদের নামাজে অংশ নিয়েছেন আট থেকে আশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ ।গত কয়েক দিনের তীব্র তাপপ্রবাহ শেষে শনিবার সকাল থেকেই এই জেলার আবহাওয়া যথেষ্ট অনুকূল। ফলে আনন্দোৎসব পালনে প্রকৃতি এ দিন কোন বাধাই হয়ে দাঁড়ায়নি । বাঁকুড়া শহরের বিভিন্ন মসজিদে সকাল থেকেই ঈদের নামাজে অংশ নিতে হাজির হয়েছেন মানুষ । শহরের জামা মসজিদে নামাজ শেষে বঙ্গ বিদ্যালয়ে মাঠে মুল নামাজ অনুষ্ঠিত হয় । সেখানে প্রায় সহস্রাধিক মানুষ নামাজে অংশগ্রহন করেন । পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময়ে হাজির হন নির্বাচিত জনপ্রতিনিধিরাও ।
অন্যদিকে বারুইপুরে ঈদের নামাজে হাজির বিধানসভার অধ্যক্ষ । বারুইপুরে ঈদের নামাজে হাজির বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় । নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা বার্তা দেন তিনি । সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দেন বিমান । যেভাবে দুর্গাপুজোয় সকলে মিলে পুজো করেন বারুইপুরের মানুষ, সেভাবেই ঈদেও সকলে উৎসবে মেতে ওঠেন এটাই বারুইপুরের ঐতিহ্য বলে দাবি করেন বিমান । ধর্ম যে যার মতো করে পালন করলেও উৎসব সকলেই একসাথে পালন করেন বলে বার্তা দিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ।
এর পাশাপাশি শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ রিষড়ায় ঈদের প্রার্থনায় যোগ দেন । সাংসদ বলেন, ‘সারা দেশজুড়ে তৈরি হয়েছে নেগেটিভ আবহ, দেশ যেন সেই পথ থেকে বেরিয়ে এসে শান্তির পথে ফেরে’ ।তিনি আরও জানান ‘এই দেশ সবার,সেখানে কোনও শক্তি যেন বিভেদ না করতে পারে’। গত কয়েকদিন আগে অশান্ত হয়ে উঠেছিল এই রিষড়া । সেই জায়গায় আজ তাদের প্রার্থনায় বার্তা থাকলো সম্প্রীতির । রিষড়ার বড় মসজিদের ইমাম বলেন, ‘আমরা চাই সকল ধর্মের মানুষ একসাথে ভালোভাবে থাকুক । এদিনের এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ পুরপ্রধান জাহিদ হাসান খান সহ অন্যান্যরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

