পূর্ব বর্ধমান জেলার ভাতার স্টেট জেনারেল হাসপাতালে অ্যাম্বুল্যান্সের অভাবে প্রাণ গেল এক জনমজুর মহিলার । মৃতের নাম মেনকা কোঁরা (৫০)। ওই মহিলাকে বৃহস্পতিবার ভাতার হাসপাতালের চিকিৎসকরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিয়েছিল । হাসপাতালে অ্যাম্বুল্যান্স না পাওয়ায় গুরুতর অসুস্থ স্ত্রীকে ট্রেনে বর্ধমান নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মহিলার স্বামী অসিত কোঁরা । কিন্তু তিনি স্ত্রীকে টোটোয় চাপিয়ে প্রায় সাড়ে দশটা নাগাদ ভাতার রেলস্টেশনে এসে পৌঁছোনোর কিছুক্ষণের মধ্যেই মহিলার মৃত্যু হয় ।এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাজ্যের সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে প্রশ্ন উঠল ।
জানা গেছে, পেশায় জনমজুর ওই দম্পতির বাড়ি বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় । গত সোমবার একটি দলের সঙ্গে ভাতারের কাঁচগড়িয়া গ্রামে এক কৃষকের বোরোধান কাটার কাজে এসেছিলেন তাঁরা । কিন্তু দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়েন মেনকা কোঁরা । স্ত্রীকে চিকিৎসার জন্য ভাতার হাসপাতালে নিয়ে আসেন অসিতবাবু ।
তিনি বলেন, ‘ডাক্তারবাবু বর্ধমানে নিয়ে যেতে বলায় অ্যাম্বুলেন্স চেয়েছিলাম । কিন্তু হাসপাতালের লোকজন বললো অ্যাম্বুলেন্স নেই, গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে । কিন্তু আমার কাছে টাকা ছিল না । তাই ট্রেন ধরার জন্য হাসপাতাল থেকে টোটোয় করে স্ত্রীকে নিয়ে আসি । ভাতার স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম । সেই সময় আমার স্ত্রী মারা যায়’ ।
সুত্রের খবর, স্ত্রীর মৃত্যুর পর রেলস্টেশনের গাছের তলায় বাঁধানো বেদিতে মৃতদেহটি রেখে কান্নাকাটি করছিলেন প্রৌঢ় অসিত কোঁরা । বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে পড়লে তাঁরা চাঁদা তুলে একটি গাড়িভাড়া করে দেন বর্ধমানে আসার জন্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

