।। স্বর্ণালী মান্না ।।
সম্প্রতি মুক্তি পেয়েছে রানী মুখার্জি অভিনীত মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে । ছবির ট্রেলার মুক্তির সাথে সাথেই দর্শকদের মধ্যে যথেষ্ট শোরগোল ফেলে দেয় । বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি তুলে ধরে এক মায়ের লড়াই করার গল্প । নিজের সন্তানদের থেকে দূরে থাকার কষ্টটা ছবির কেন্দ্রস্থল হলেও গল্পের মোড় ঘুরে দাঁড়ায় নরওয়ের সরকারের বিরুদ্ধে এক মায়ের রুখে দাঁড়ানোর গল্পে ।

প্রায় সব ছবির মতোই এই ছবিও শুরু হয় এক হাসি খুশি পরিবারকে নিয়ে । খুব সাধারণ ভাবেই যত্ন সহকারেই দেবিকা চ্যাটার্জী বড় করে তুলছিলেন নিজের সন্তানদের । বাঁধ সাধল সেই যত্নই ।ঠিক আর পাঁচটা পরিবারে যেমন হয়, তিনিও নিজের সন্তানদের নিজের হাতে করে খাইয়ে দিতেন । তার ২ বছরের ছেলে ও ৫ মাসের মেয়েকে দেবিকা নিজেদের সাথে করে নিয়ে ঘুমোতেন । ছবির এই দৃশ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দৃশ্যগুলির উপর ভিত্তি করেই তুলে ধরা হয় নরওয়ের কুখ্যাত “ফস্টার কেয়ার সিস্টেম” ।

নবদম্পতি বিদেশের মাটিতে নিজের সংসার শুরু করেন । দেবিকার স্বামী নতুন দেশে তাল মিলিয়ে চললেও দেবিকা নিজের দেশের সংস্কৃতি বজায় রাখতে চেয়েছিলেন । বিদেশের মাটিতেও তিনি হয়ে ওঠেন বঙ্গ তনয়া । তাঁর এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলির কারণেই তিনি নরওয়ের “চাইল্ড কেয়ার সার্ভিসেস”-এর কিছু সরকারি আধিকারিকদের নজরে পড়ে যান ।
নিজের সন্তানদেরকে যেভাবে জোড় করে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তা দেখে আর মাথা ঠিক রাখতে পারেন না দেবিকা ।ছেলে মেয়েদের গাড়িতে তুলে নিয়ে চলে যাওার সময়ের দৃশ্যে তিনি যেভাবে গাড়ির পিছনে ছুটেছিলেন তা দর্শকদের মনে দাগ কাটার মতো । যেভাবে হোক তিনি তাঁর সন্তানদের ফিরিয়ে আনতে মরিয়া । খুব স্বাভাবিকভাবেই এই ছবিতে সাংস্কৃতিক মতান্তরগুলিকে তুলে ধরা হয়েছে । একটা বিষয় খুবই আশ্চর্যজনক লাগে যে “চাইল্ড কেয়ার সার্ভিসেস” এর আধিকারিকরা দেবিকার দিকটা একটি বারের জন্য জানতে চাইলেন না বা ন্যুনতম গুরুত্ত্বও দিলেন না ।

শুরুতে দেবিকার স্বামী, অনিরুদ্ধর চরিত্রে, অনির্বাণ ভট্টাচার্য নিজের স্ত্রীর পাশে থাকলেও তা ক্ষণস্থায়ী । শেষে তা গার্হস্থ্য হিংসার আকার নেয় । যার কারণে দেবিকার লড়াইটা যতটা নরওয়ের সরকারের বিরুদ্ধে ঠিক ততটাই পুরুষতান্ত্রিক সমাজের সাথেও । দেবিকার উকিল, ড্যানিয়েলের চরিত্রে জিম সারভ ছবিটিকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন । তবে নরওয়ের সমাজ ব্যাবস্থার বিরুদ্ধে তিনি যে প্রশ্নগুলি তুলে ধরেছেন তা দেখে মনে হয় তাঁর আরও কিছু দৃশ্য থাকলে ভালো হত ।

২০১২ সালে নরওয়ে সরকারের বিরুদ্ধে গিয়ে খবরের শিরোনামে এসেছিলেন বাস্তব জীবনের দেবিকা চ্যাটারজি, সাগরিকা চক্রবর্তী ।২০২২ সালে প্রকাশিত সাগরিকা চক্রবর্তীর “দ্য জার্নি অফ আ মাদার” বই থেকে সুন্দর ভাবে চিত্রনাট্যগুলি গুছিয়ে প্রকাশ করেছেন সমীর শতীজা, অসিমা ছিব্বর ও রাহুল হাণ্ডা । সুরকার হিসেবে অমিত ত্রিবেদি খুবই প্রশংসনীয় কাজ করেছেন । তার প্রমাণ মেলে ‘শুভ শুভ’ গানে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

