নিউজটাইম ওয়েবডেস্ক : গত দুই বছরের বেশি সময় ধরে করোনা মহামারির কারণে মানুষজন সেভাবে বাইরে বের হতে পারেননি। মেলা, সার্কাসের মতো অনুষ্ঠান, যেখানে জন সমাগম হয় সেসবও বন্ধ ছিল সংক্রমণ আটকাতে। অবশেষে করোনা মহামারির প্রকোপ কমতে মেলার পাশাপাশি সার্কাসমুখীও হচ্ছেন আম জনতা।
প্রতিবছর শীত পড়লেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বসত সার্কাসের আসর। হাতি, সিংহ, নানা ধরনের পাখি থেকে শুরু করে নানা বন্য জীবজন্তু নিয়ে সার্কাসে খেলা দেখতে মানুষের উৎসাহ ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। তবে বিগত বেশ কিছু বছর ধরে সার্কাস কিছুটা জৌলুশহীন হয়ে পড়েছে। একে একে বন্ধ হয়েছে বহু নাম করা সার্কাস কোম্পানি। এরপর মরার উপর খাঁড়ার ঘায়ের মতো করোনা এসে পড়ায় বাকি সার্কাসগুলিও বন্ধ হয়ে যায়। সার্কাস কর্মীরা কাজ হারান। কেউ সব্জি বিক্রি করতে কাজ শুরু করেন কেউ বা দিন মজুরির কাজে যোগ দেন। ফলে করোনা সংক্রমণ মিটলেও নতুন করে সার্কাস চালু করা ছিল যথেষ্ট চ্যালেঞ্জের। সেই সব বাধা কাটিয়ে অবশেষে ফের চলতি বছরের শীতের শুরুতেই দর্শকদের আনন্দ দিতে সার্কাস নিয়ে হাজির হয়েছে আফ্রিকান ডায়মন্ড সার্কাস। বর্তমানে বারুইপুর রাসমাঠে তাবু খাটিয়েছেন তাঁরা। প্রতিদিন তিনটি করে শো চলছে। তবে সুখের কথা হল, সার্কাস চালু হতেই দর্শকদের উপছে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রায় প্রতিদিনই বহু মানুষ আসছেন সার্কাস দেখতে। শনি, রবি ও ছুটির দিনগুলিতে প্রতিটি শো হাউসফুল হচ্ছে। যা দেখে ফের আশায় বুক বাঁধছেন সার্কাস মালিকরা। সার্কাসে জন্তুদের খেলা বন্ধ হয়ে যাওয়ার কারণে সার্কাসের প্রতি মানুষের আকর্ষণ কমেছিল ঠিকই, কিন্তু মানুষকে আনন্দ দিতে বহু নতুন খেলা নিয়ে আসা হয়েছে সার্কাসে। বিশেষ করে নানা ধরনের ব্যালান্সের খেলা, জাগ্লিং, জিমন্যাস্টিক ছাড়াও রয়েছে এক ঝাঁক আফ্রিকান তরুণদের নানা ধরনের মজাদার খেলা। সব মিলিয়ে করোনা পরবর্তী সময়ে ফের জমে উঠেছে সার্কাস। আর সংক্রমণের আতঙ্ক ভুলে সার্কাস মুখী হতে শুরু করেছেন আমজনতা। তবে সার্কাস শিল্পীদের দাবি যেভাবে অন্যান্য পেশার মানুষের পাশে সরকার দাঁড়িয়েছে, তাঁদের সাহায্য করছে তেমনি যাতে সার্কাস শিল্পীদের পাশে দাঁড়িয়ে তাঁদের ভাতার ব্যবস্থা সরকার করে তাহলে এই শিল্পটা বাঁচবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

