দুর্নীতি হচ্ছে রাস্তা নির্মাণে। সঠিক পদ্ধতিতে সময়সূচী মেনে হচ্ছে না নির্মাণ। রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। সাথে বিক্ষোভে সামিল এলাকার তৃণমূল নেতা-কর্মীরাও। যদিও যারা রাস্তা তৈরীর কাজ করছেন তাদের দাবি নিয়ম মেনেই রাস্তা তৈরি হচ্ছে। দুর্নীতি হলে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের। দুয়ারে তৃণমূল গেলে জুতো পেটা করবে জনগণ খোঁচা বিজেপির। সমগ্র ঘটনা নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত হরদমনগর থেকে দৌলতপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে। জেলা পরিষদ তহবিলের প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই রাস্তার কাজ হচ্ছে। দেড় কোটি টাকা দিয়ে রাস্তার কাজ এবং দেড় কোটি টাকা দিয়ে রাস্তার পরে সেতু নির্মাণ। ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এই রাস্তা। তারপর থেকে রাস্তার অবস্থা বেহাল ছিল। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে দৈনন্দিন যাতায়াত করে বিভিন্ন এলাকার প্রায় কয়েক হাজার মানুষ। ফলে মানুষজনের অসুবিধার কথা ভেবেই শুরু হয় রাস্তার কাজ। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুর্নীতি হচ্ছে রাস্তা তৈরিতে। কোন রকম নিয়ম না মেনে সিডিউল ছাড়াই হচ্ছে কাজ। ধুলো মাটির উপর দিয়েই পিচ ফেলে দেওয়া হচ্ছে। ফলে রাস্তা তৈরীর কিছু ক্ষণের মধ্যেই সেটা ভেঙে যাচ্ছে। এই নিয়ে তারা অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। তাই এই দিন প্রায় কয়েকশ এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় রাস্তার কাজ। বিক্ষোভে সামিল ছিল তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরাও। নিয়ম মেনে কাজ না হলে তারা আর কাজ করতে দেবে না। সাফ বক্তব্য স্থানীয়দের। এই কাজের দায়িত্বে রয়েছেন রায়গঞ্জের এক ঠিকাদার। তিনি আজ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে কাজ ছেড়ে চলে যায় ঠিকাদারি সংস্থার শ্রমিকরা। যদিও তাদের দাবি নিয়ম মেনেই তারা কাজ করছে। এলাকাবাসীর অভিযোগ তারা ঠিকাদারকে জানালেও ঠিকাদার পাল্টা হুমকি দিয়েছে। এদিকে রাস্তা তৈরিতে বেনিয়ম হয়েছে কার্যত মেনে নিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাদের হুশিয়ারি ঠিকাদার যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তবে পদক্ষেপ নেওয়া হবে। কোন রকম দুর্নীতি বরদাস্ত হবে না। তবে এই নিয়ে দুর্নীতি এবং কাটমানি ইস্যুতে তৃণমূলকে পাল্টা তীব্র কটাক্ষ করেছে বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে দুয়ারে তৃণমূল নেতারা গেলে জনসাধারণ জুতো পেটা করবে। এই ভাবেই শাসকদলকে তীব্র আক্রমণ করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

