নিউজটাইম ওয়েবডেস্ক :
মহারাজের পাশে দাঁড়িয়ে আরও একবার ব্যাট ধরলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা। আইসিসি’তে সৌরভ যাবেন কি না ঠিক হয়ে যাবে সাগরপাড়ের
মেগা বৈঠকে। ঠিক তার আগেই মেগা টুইস্ট, আইসিসি’তে প্রবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে
অনুরোধ করবেন মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এয়ারপোর্টে তিনি সংবাদমাধ্যমকে
বলেন, ‘সৌরভ গাঙ্গুলি যাতে আইসিসি নির্বাচনে অংশ নিতে পারেন, তার জন্য আমি প্রধানমন্ত্রীকে
অনুরোধ করব’।
বোর্ডে ব্রাত্য সৌরভ। আর তা নিয়েই রাজনৈতিক তরজা চলছিল পুরোদমে।
বিজেপিতে যোগদান না করাতেই কি সরতে হল মহারাজকে? প্রশ্ন উঠেছিল। অস্বস্তি এড়াতে মাঠে
নেমেছিলেন, বিজেপি নেতারা। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধূমাল
বিবৃতি দিয়েছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা আর অপমানের তত্ত্ব নাকচ করে দিয়েছিলেন তিনি।
তবুও চর্চা চলছিলই। সোমবার মুখ্যমন্ত্রীর কথাতেও সেই চক্রান্তের ইঙ্গিত স্পষ্ট। অমিত
শাহের পুত্র জয় শাহ বহাল তবিয়তে রয়েছেন। কিন্তু নেই সৌরভ। কেন এমন হল? প্রশ্ন তুলছেন
মমতা।
এসবের মধ্যেই ময়দান তাকিয়ে রয়েছে বোর্ডের বৈঠকের দিকে। কামব্যাক
কিং কি শেষ মুহূর্তে আইসিসিতে যেতে পারবেন? না হলে সিএবি তো রয়েছেই। সৌরভ নিজে জানিয়েছেন
তিনি সভাপতি পদে লড়বেন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ যে তাঁর সঙ্গেই রয়েছে সেটাও স্পষ্ট
হয়ে গিয়েছে। ময়দানে গুঞ্জন দাদার পাশে দিদি। রাজ্যপাট তো সাজানোই আছে। আইসিসি না সিএবি।
কোন রাস্তা সুরভিত হবে সৌরভের ছোঁয়ায়?