সোমবার ফের কমল সোনা-রুপোর দাম, ডিসেম্বরে দরে আরও পতনের আশঙ্কা

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার আন্তর্জাতিক বাজারে ফের পতন হল সোনার দামে। তা সত্ত্বেও গত চার বছরের মধ্যে সবচেয়ে খারাপ মাসে অতিমারী আবহে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে নিরাপদ সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের নজরে কোনওক্রমে টিকে রইল সোনা।

এ দিন স্পট গোল্ড সূচকে ১.২% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম দাঁড়াল ১,৭৬৬.২৬ ডলার। চলতি মাসে প্রায় ৬% পড়েছে সোনার দাম, যা ২০১৬ সালের নভেম্বর মাসের পরে সবচেয়ে বড় মাসিক দরে পতন বলে জানা যাচ্ছে। 

এর পাশাপাশি এ দিন সূচকে ৩.২% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম দাঁড়ায় ২১.৯৬ ডলার। 

জাতীয় ছুটির কারণে ভারতে এ দিন সকালে বন্ধ রয়েছে এমসিএক্স সূচকে লেনদেন। বিকেল ৫টা থেকে তা চালু হবে। শুক্রবার সূচকে ০.৮৫% পতন হওয়ায় সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়ায় ৪৮,১০৬ টাকা। সূচকে ১.৩% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম দাঁড়ায় ৫৯,১০০ টাকা। গত অগস্ট মাসে রেকর্ড গড়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছিল ৫৬,২০০ টাকা। 

গত সপ্তাহে কোটাক সিপিউরিটিজ-এর তরফে জানানো হয়েছে, ‘কোভিড ভ্যাক্সিন নিয়ে সাধারণের আশা, আমেরিকায় জো বাইডেনের ক্ষমতা দখল এবং ইটিএফ-এ ক্রমাগত মজুত সোনার পরিমাণ কমতে থাকার প্রভাবে সোনার দামে উল্লেখযোগ্য উত্থান দেখা যাচ্ছে না। জুলাই মাসের পর থেকে এসপিডিআর ইটিএফ প্রায় তলানিতে ঠেকেছে। সোনার দামে নতুন জোয়ার আসার আগে বাজারে অস্থিরতা বহাল থাকবে।’

ওয়াল স্ট্রিট ব্যাঙ্ক সিটি-র আশা, ডিসেম্বর মাসে আরও পড়তে পারে সোনা-রুপোর দাম। প্রসঙ্গত, মুদ্রাস্ফীতির মোকাবিলায় নিরাপদ সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় বরাবরই শীর্ষস্থান দখল করে সোনা।

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube