আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাসোসিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের শেষ দিন পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকবে। শুধুমাত্র এয়ার বাবল চুক্তি অনুযায়ী বিশেষ কয়েকটি দেশের সঙ্গে বিশেষ বিমান পরিষেবা চালু থাকবে।

বিশ্বজুড়ে করোনার প্রকোপ শুরু হতেই গত ২৪ মার্চ থেকে আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক। পাশাপাশি অন্তর্দেশীয় বিমান পরিষেবাও বন্ধ রেখেছিল। বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘বন্দে ভারত’ মিশন শুরু করেছিল। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানে করে কয়েক লক্ষ নাগরিককে দেশে ফেরানো হয়েছিল। তার পরে ধাপে-ধাপে আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ২৪ নভেম্বর করা হয়েছিল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, জার্মানি সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি স্বাক্ষর করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সেই চুক্তি অনুযায়ী, বেশ কিছু দেশের সঙ্গে নির্দিষ্ট রুটে বিমান পরিষেবা শুরু হয়েছে।

কিন্তু গত মাস খানেক ধরেই ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে আন্তর্জাতিক উড়ান ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। তবে আদৌ নতুন বছরের শুরু থেকে আন্তর্জাতিক উড়ান চালানো সম্ভব হবে কিনা, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক উড়ান চালুর কোনও সম্ভাবনা নেই।

শুধু আন্তর্জাতিক উড়ান নিয়েই যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা নয়। দেশে যেভাবে মারণ ভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে তাতে অন্তর্দেশীয় উড়ান নিয়েও ফের সংশয় দেখা দিয়েছে। দেশে আনলক শুরু হওয়ার পরে ৩০ শতাংশ অন্তর্দেশীয় উড়ান চালু হয়েছে। এখনও বহু শহরে উড়ান স্বাভাবিক করা যায়নি। কবে উড়ান পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়ে যথেষ্টই সন্দিহান অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube