কালিপুজোয় মেতে উঠেছে বাংলা! মন্দিরে মন্দিরে ভিড় আর পুজার্চনা

নিউজটাইম ওয়েবডেস্ক :  আজ কালিপুজো। গোটা বাংলাই মেতে উঠেছে শক্তির আরাধনায়। তবে কোভিডের প্রকোপে এবারে সব জায়গাতেই কার্যত জারি হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। তবে তাতে পুজোর নিষ্ঠাতে কোনও বাধা পড়ছে না। মানুষও এদিন সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভিড় করতে শুরু করে দিয়েছেন পুজোর জন্য। কালিঘাট থেকে দক্ষিণেশ্বর, তারাপীঠ থেকে কল্যাণেশ্বরী, ফিরিঙ্গী কালিবাড়ি থেকে লেক কালিবাড়ি, কিরিটেশ্বরী থেকে নলহাটেশ্বরী সর্বত্রই এদিন সকাল থেকে চোখে পড়ছে আমজনতার ভিড় ও পুজার্চনা। একই সঙ্গে বারাসত, মধ্যমগ্রাম, পান্ডুয়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দূর্গাপুর, হাওড়ার মতো শহরগুলি মেতে উঠেছে বারোয়ারি কালিপুজোতে। সর্বত্রই গত দুই দিন ধরে আলোর বন্যায় ভাসছে এলাকা।
 
এদিন সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠে। রাজ্যের অন্যতম এই শক্তিপীঠে সাধক বামাক্ষ্যাপা পঞ্চমুন্ডির আসনে বসে তন্ত্রসাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন। সেই তারাপীঠে এদিন মা তারাকে কালী রূপে পুজো করা হয়। এদিন মাকে সেখানে রাজবেসে সাজানো হয়েছে। পাশাপাশি অনান্যদিন মাকে একবার ভোগ নিবেদন করা হলেও আজ মাকে দু’বার ভোগ নিবেদন করা হবে। রাতে মহা ধুমধাম সহকারে সম্পন্ন হবে মূল পুজো। কালিঘাটে আবার এদিন মাকে পুজো করা হয় লক্ষ্মী হিসাবে। তাই সন্ধ্যা থেকেই ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজো করার জন্য ভিড় জমান মায়ের মন্দিরে। এবারে অবশ্য সেখানে বাধা পড়েছে। কোভিড পরিস্থিতিতে ভিড় যেমন কাম্য নয় তেমনি, সামাজিক দূরত্ববিধিও মানতে হচ্ছে। দক্ষিণেশ্বরে এদিন সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে ভক্তদের। সেখানে দূরত্ববিধি থেকে শুরু করে সমস্ত নিয়ম বলবৎ করা হচ্ছে কঠোর ভাবে। তবে এবারে বেশ কিছু বিধি জারি হওয়ায় ভক্তদের উপস্থিতির ওপর বেশ রাশ টানা হয়েছে।
 
কলকাতার বুকে ছড়িয়ে থাকা ঠনঠনিয়া কালিবাড়ি, ফিরিঙ্গী কালিবাড়ি, করুণাময়ী মন্দির, চিত্তেশ্বরী মন্দির, লেক কালিবাড়ি সর্বত্রই চলছে কালিপুজোর যথাযথ আয়োজন। সেখানেও এদিন সকাল থেকেই ভক্তদের আনাগোনাঅচোখে পড়ছে। তবে সব জায়গাতেও মানতে হচ্ছে দূরত্ববিধি। মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজার। বীরভূম জেলার মধ্যেই রয়েছে রাজ্যের মধ্যে সব থেকে বেশি সতীপীঠ। নলহাটি, সাঁইথিয়া, ফুল্লরা, কংকালিতলা ও বক্রেশ্বরে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় চোখে পড়ছে। তবে সব জায়গাতেই মূল পুজোর আয়োজন করা হয়েছে রাতের দিকে। এর বাইরে তমলুকের বর্গভীমা মন্দিরে, জলপাইগুড়ির ভ্রামরী দেবীর মন্দিরে, মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দিরে চলছে পুজোর আয়োজন। আবার রাজ্যের ছোট-বড় সব শহরের অলিগলিতে চলছে শক্তির আরাধনা। তবে কোভিডের ধাক্কায় এবারে বারাসত আর মধ্যমগ্রামের পুজোর জাঁকজমক বেশ ধাক্কা খেয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube