নিউজটাইম ওয়েবডেস্ক : বয়স তাঁর ৮৫। তবুও লড়ে চলেছেন তিনি কার্যত যমের সঙ্গেই। এক এক সময় পরিস্থিতি এততাই খারাপ হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে এই বুঝি সব শেষ হয়ে গেল। চিকিৎসকেরাও বলছেন সব ঠিক হওয়ার সম্ভাবনাও ক্রমশ কমছে। তবে লড়াই করাটা কেউই ছাড়ছেন না। যাকে ঘিরে এত উদ্বেগ তিনি যেমন লড়াই চালাচ্ছেন হাসপাতালের বিছানায় শুয়ে তেমনি তাঁকে সুস্থ করে তুলতে এখন নিত্যদিন কোনও না কোনও পথের সন্ধান করে চলেছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার সকালে এটাই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির নির্যাস। লড়াইটা চলছে, থেমে যায়নি এখনও। শুধু এই ভরসাতেই রয়েছেন তাঁর পরিবার থেকে পরিজন, ভক্তবৃন্দ।
বেলভিউ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যার পর চতুর্থবারের জন্য ডায়ালিসিস হয়েছে প্রবীণ অভিনেতার। কারন তিনবার ডায়ালিসিস হওয়ার পরেও তাঁর জলীয় বর্জ তরল নিঃসরণের মাত্রা বেশ কমের দিকেই ছিল বুধবার বিকাল পর্যন্ত। তাই চিকিৎসকেরা ঝুঁকি না নিয়েই চতুর্থবারের জন্য ডায়ালিসিস করান। তবে এই ডায়ালিসিসের কারনে যাতে সৌমিত্রবাবুর শরীরের ওপরে বেশি চাপ না পড়ে তার জন্য ছোট ছোট অর্ধে তাঁর ডায়ালিসিস করান চিকিৎসকরা। তবে এই ভাবে ডায়ালিসিস করে যে কিডনির সক্ষমতা ফিরবে না তা আন্দাজ করেই এবার পাকাপাকি ভাবে ভিন্ন কোনও পথ খুঁজছেন চিকিৎসকেরা। তার জন্য এদিনই মেডিকেল বোর্ড আলোচনায় বসবে নেফ্রোলজি বোর্ডের সঙ্গে।
এদিন হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রবাবুর রক্তে হিমোগ্লোবিন ও অনুচক্রিকার মাত্রা তলানির দিকে চলে গিয়েছে। তাই আজ বা কাল তাঁর ট্র্যাকিওস্টমি করার কথাও ভাবছেন চিকিৎসকরা। তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত নয়। এদিন নেফ্রোলজি বোর্ডের সঙ্গে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় তা দেখেই এই বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে এখন নতুন করে সৌমিত্রবাবুর দেহে অভ্যন্তরীণ কোনও রক্তক্ষরণ হচ্ছে না। বাড়েনি ভেন্টিলেশনের মাত্রাও। তাই কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন চিকিৎসকেরা। কিন্তু তাঁর চেতনা এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি। কোভিড এনসেফেলোপ্যাথিতে আক্রান্ত প্রবীণ অভিনেতার জিসিএস স্কেল এখনও ১০-এর কোঠায়।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

