একধাক্কায় কলকাতায় পারা পতন ২ ডিগ্রির! এল হালকা শীতের আমেজ

নিউজটাইম ওয়েবডেস্ক : আকাশ পরিষ্কার হতেই একধাক্কায় পারা পতন ঘটে গেল খাস কলকাতার বুকে। মঙ্গলবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল। কিন্তু বুধবার সকালে সেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ২২.৪ ডিগ্রি সেলসিয়াসে। মানে ২৪ ঘন্টার মধ্যে কমে গেল ২ ডিগ্রি তাপমাত্রা। যদিও এখনও তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে অনুমান আগামী ২৪ ঘন্টায় আরও ২ ডিগ্রির পতন ঘটতে পারে তাপমাত্রার। যদি তা হয় তাহলে নভেম্বরের শুরুতেই কলকাতার তাপমাত্রা নেমে যাবে স্বাভাবিকের থেকে নীচে।

কলকাতা তথা বাংলার বুকে যে পারা পতন ঘটতে চলেছে তার ইঙ্গিত গতকালই দিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতোউ পারা পরনের সাক্ষী হল বুধ সকালের কলকাতা। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি নেমে গেলেও আশেপাশের বেশ কিছু জেলায় পারা নেমেছে ২০ ডিগ্রিতে। সেখানে তো এদিন ভোরের দিকে রীতিমত শীতের আমেজ পেয়েছেন আমজনতা। সঙ্গে এবার আস্তে আস্তে দাপট বাড়তে শুরু করেছে কুয়াশার। গ্রামের দিকে বা ফাঁকা জায়গায় কুয়াশার ঘন চাদর তো দেখা যাচ্ছেই আবার বেলার বাড়লেও রোদের সেই তেজ কিন্তু আর মিলছে না। অনেকের বাড়িতেই এদিন সকালের দিকে ঘরের পাখা তো বন্ধ হয়েই যেতে দেখা গিয়েছে সেই সঙ্গে আলমারি থেকে গরম জামাকাপড় বার করে তা রোদে দিতেও চোখে পড়ছে।
 
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এখন সপ্তাহ দুয়েক রাতে ও ভোরে হালকা শীতের আমেজ পাবেন বঙ্গবাসী। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে ঠাণ্ডার আমেজ উধাও হলেও উত্তরের জেলাগুলিতে আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করে দেবে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কমবে। তবে কলকাতায় সেই পতন খুব দ্রুত গতিতে হবে না। সপ্তাহান্তে কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি বা তার নিচে নামতে পারে বড্ডজোর। কিন্তু এই শীত শীত ভাবকাহ্নি কিন্তু প্রকৃত শীত নয়। আদতে এটাই হেমন্ত ঋতুর বৈশিষ্ট্য। শীত আসার আগেই এই হেমন্ত শীতের আমেজ ছড়িয়ে দিয়ে দক্ষিনা বাতাসকে ঠেলে শীত আসার মাঠ তৈরি করে দিয়ে যায়। এরফলে শীত এসে বেশ দাপটেই চালিয়ে খেলার সুযোগ পেয়ে যায়। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে হেমন্ত দুর্বল হলে শীতও জাঁকিয়ে পড়তে পারে না। কিন্তু হেমন্ত ফুল ফর্মে চালিয়ে খেললে তার জুরিদার হয়ে ওঠে মিস্টার উইন্টার।

উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টি চললেও দেশের বাকি অংশে এখন শুষ্ক আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজধানী দিল্লি সহ উত্তর-পশ্চিমে বেশকিছু রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতাও জারি করে দিয়েছে দিল্লির মৌসম ভবন।  আগামী ৪৮ ঘণ্টায় সেই শৈত্যপ্রবাহের জেরে রাজধানী দিল্লি-সহ হরিয়ানা, পঞ্জাব ও উত্তর রাজস্থানে হু হু করে তাপমাত্রা নামবে। তার প্রভাব পড়বে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। চলতি সপ্তাহেই বাংলায় ৫ ডিগ্রি পর্যন্ত পারা পতনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।  কিন্তু উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলাদেশ ঘেঁষে থাকা দুই ২৪ পরগনা, কলকাতা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সবই হেমন্তেরই অঙ্গ। আসল শীত আসতে এখনও ঢের দেরী আছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube