নিউজটাইম ওয়েবডেস্ক : উদ্বেগ আর উৎকণ্ঠা কাটিয়ে ফিরছে স্বস্তি। দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। বেশ কয়েকদিন করোনার রেখচিত্র ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ বাড়ছিল। কিন্তু গত ২৪ ঘন্টায় দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমে দাঁড়াল ৩৮ হাজারে। পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। উল্টোদিকে করোনাকে হারিয়ে সুস্থ হওয়া রুগীর সংখ্যা নতুন করে সংক্রামিতের দেড়গুণেরও বেশি।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০ লক্ষ ৪৬ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৩৮ হাজার ৩১০ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ লক্ষ ৬৭ হাজার ৬২৩ জন। মারণ ভাইরাসের ছোবলে আরও ৪৯০ জন প্রাণ হারিয়েছেন। ফলে দেশে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি হলেন ১ লক্ষ ২৩ হাজার ৯৭ জন। পাশাপাশি করোনাকে হারিয়ে নতুন করে সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩২৩ জন। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৬ লক্ষ ৩ হাজার ১২১ জন। সক্রিয় রুগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪১ হাজার ৪০৫ জন।’ তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য করোনার সংক্রমণ নিম্নমুখী হওয়ায় খুব একটা স্বস্তির কিছু দেখছেন না। তাঁদের মতে, দেশে নমুনা পরীক্ষার সংখ্যা এক ধাক্কায় এক তৃতীয়াংশের কাছাকাছি কমিয়ে দেওয়া হয়েছে। পজিটিভিটি রেট বা শনাক্তের হার ৩ শতাংশের কাছাকাছিই রয়েছে। ফলে আগের মতো ১৫ কিংবা ১৬ লক্ষ নমুনা পরীক্ষা করা হলে ৪৫ হাজারের বেশি শনাক্ত হতেন। শুধুমাত্র নমুনা পরীক্ষা কমিয়ে দিয়ে শনাক্তের সংখ্যা কম দেখিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখানো আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়াতে পারে। পাকিস্তান ও বাংলাদেশ যে রাস্তায় হেঁটেছে, সেই রাস্তায় হাঁটছে মোদি সরকারের স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু এমন সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

